প্রাণ ফিরে পেল বশেমুরবিপ্রবি ক্যাম্পাস
তন্ময় বিশ্বাস, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
কর্মবিরতি ও আন্দোলন স্থগিত করে ক্লাস নিতে শুরু করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এর সিদ্ধান্ত অনুযায়ী ক্লাসে ফিরে গেছেন বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি।
বুধবার (২০ জানুয়ারি) সকালে বশেমুরবিপ্রবি ক্যাম্পাসে শিক্ষকদের ক্লাস নিতে দেখা যায়। সরজমিনে ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, দুই একটি বিভাগ বাদে প্রায় সব বিভাগে ক্লাস হয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অভিজিৎ সাহা বলেন, আমাদের ক্লাস রুটিন দিয়েছে ও আজ একটা ক্লাস হয়েছে।
বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কাজী মসিউর রহমান বলেন, আমরা যেহেতু বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এর অন্তর্গত অর্থাৎ আমরাও তাদের সাথে একাত্মতা প্রকাশ করে ক্লাস-পরীক্ষায় ফিরে এসেছি।
বৈষম্যমূলক অষ্টম পে-স্কেলের প্রতিবাদ ও পাঁচদফা দাবিতে পূর্ণদিবস কর্মবিরতিসহ আন্দোলন চালিয়ে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার (১৮ জানুয়ারি) এ নিয়ে রাজধানীর গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রতিনিধির বৈঠক অনুষ্ঠিত হয়।

