সাদুল্যাপুরে শীতার্ত মানুষের পাশে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম
মো. জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার গরীব-অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে যায়যায়দিনের লেখক-পাঠক ও শুভানুধ্যায়ীদের সংগঠন জেজেডি ফ্রেন্ডস ফোরাম।
প্রতি বছরের ন্যায় এবারেও ফোরামের বন্ধুরা উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে শীতার্ত নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণের জন্য বন্ধুদের সহযোগিতা করেন প্রবাসী মোহাম্মেদ কামাল উদ্দিন তৈয়ুব।
প্রধান অতিথি থেকে গরীব শীতার্ত মানুষের হাতে এসব কম্বল তুলে দেন জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবি সমাজ সেবক এ্যাডভোকেট মো. জহুরুল ইসলাম তোতা মিয়া। এসময় যায়যায়দিনের গাইবান্ধা প্রতিনিধি জিল্লুর রহমান পলাশ, ফোরামের সভাপতি জাহিদ খাঁন, সাধারণ সম্পাদক ওয়াই এইচ আর রিয়াদ, ফোরামের বন্ধু পলাশ সাহা ও নিশাদ বস উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণের পূর্বে প্রধান অতিথি বলেন, সমাজের অনেক তরুণ ছেলেরা আজ নানা ধরণের অপকর্মে নিয়োজিত থাকেন। কিন্তুু ফোরামের বন্ধুরা সেদিকে পা না বাড়িয়ে সামাজিকভাবে যেসকল ভালো কাজ করছে তা সত্যিই প্রশংসানিয়। তাছাড়া প্রত্যেক সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দরিদ্র ও শীতার্ত মানুষের কথা ভাবার দৃষ্টান্ত খুবই কম। এ ক্ষেত্রে যায়যায়দিনের জেজেডি ফ্রেন্ডস ফোরামের উদ্যোগ এবং কর্মকাগুলো সমাজে অবশ্যই অনুকরণীয় ও দৃষ্টান্ত হয়ে থাকবে।
কম্বল হাতে পেয়ে ফুল মিয়া আবেগ আপ্লুত হয়ে বলেন, ‘শীতে গরম কাপড়ের অভাবে কষ্ঠ করতে হয়। একটা কম্বল দিয়ে কিছুটা হলেও শীত কমবে’। আমেনা বেওয়া বলেন,‘তীব্র শীতের কারণে মোটা ও গরম কাপড় কেনার সামর্থ নেই। কয়েক জায়গায় ঘুরেও কম্বল পাইনি। তোমরা হামাক (আমাক) ডাকে আনে কম্বল দিলেন। আল্লাহ তোমার ঘরে ভালো করুক’।
এছাড়াও কম্বল পেয়ে উপস্থিত সকলে অত্যান্ত খুশি ফ্রেন্ডস ফোরামের সকলের জন্য প্রাণ খুলে আল্লাহর নিকট দোয়া করেন।

