কুড়িগ্রামে সড়ক দূর্ঘটনায় বাবা-ছেলে নিহত
রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নৈশকোচ চাপায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এ ঘটনায় অপর ছেলে গুরুতর আহত হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে নাগেশ্বরী পৌর এলাকার মাছুরখামার-জামতলায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কাইট-টারী গ্রামের জাহাঙ্গীর আলম মোটর সাইকেল যোগে তার দুই ছেলে মিল্লাত(১১) ও জিয়া(৭)কে নিয়ে শিশুবিতান স্কুলে যাওয়ার পথে পৌর এলাকার জামতলায় আসে। এসময় ঢাকা থেকে ভুরুঙ্গামারীগামী ‘আদর এন্টারপ্রাইজ’ নামের একটি নৈশকোচ মোটর সাইকেলসহ তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে জিয়া মারা যায়।
বাকি দু’জনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপালে পাঠানো হয়। পথে মারা যায় বাবা জাহাঙ্গীর আলম।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

