পবিপ্রবি ছাত্রদের কারিগরি সহায়তা ও প্রশিক্ষন কার্যক্রম
মোঃ মুস্তাফিজুর রহমান পাপ্পু, পবিপ্রবি প্রতিনিধি:
আত্মকর্মসংস্থান সৃষ্টি ও টেকসই আর্থ সামাজিক উন্নয়ন নিয়ে কাজ শুরু করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল সাবেক শিক্ষার্থী।
সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এস ডি এফ) নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাধ্যমে তারা সামাজিক উন্নয়নের কার্যক্রম পরিচালনা করছেন।
উক্ত প্রতিষ্ঠানের অন্যতম উদ্দোক্তা ইঞ্জিনিয়ার মোঃ ফজলে রাব্বী বলেন , “নবীন এই সংস্থাটি অংশীদারি পদ্ধতিতে খামার গঠনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি প্রান্তিক কৃষক ও কৃষি খাতে আগ্রহীদের চাষাবাদ ও খামার বিষয়ক প্রশিক্ষন প্রদান কর্মসূচী হাতে নিয়েছে। প্রশিক্ষন কর্মসূচীর মাধ্যমে কৃষকদের চাষাবাদ ও খামার বিষয়ক বিনামূল্যে প্রশিক্ষন প্রদান করা হবে”।
প্রতিষ্ঠানের অপর একটি প্রকল্প ‘সমন্বিত অংশীদারি কৃষি খামার প্রকল্প’র তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ শহিদুল ইসলাম জানান, “দেশব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম ছড়িয়ে দিতে পারলে কৃষকদের উৎপাদন বৃদ্ধি পাবে এবং আর্থিক ভাবেও তারা পূর্বের চেয়ে বেশি লাভবান হবে”।
তিনি আরও জানান, এই কার্যক্রমের আয়ত্তায় মাদারীপুরের জুয়েল হাওলাদারের মৎস্য খামারে বিনামূল্যে কারিগরি সহায়তা ও পরামর্শ প্রদান বিষয়ক একটি চুক্তি হয়েছে। এসডিএফ এসকল কার্যক্রম সঠিক ভাবে বাস্তবায়ন ও এর দেশব্যাপী সম্প্রসারন সম্ভব হলে এর সাথে জড়িত অংশীদারগণ টেকসই উন্নয়নের ধারায় সম্পৃক্ত হবে এবং জাতিসংঘ ঘোষিত ‘সাস্টেইনেবল ডেভলাপমেন্ট গোল’ অর্জনে বাংলাদেশের জন্য সহয়ক হবে।
উল্লেখ্য এই কর্মসূচীর আয়ত্তায় কৃষিবিদ মোঃ রাসেল সিদ্দিক অপু ও কৃষিবিদ মোঃ মেসবাহ উদ্দিন এর তত্ত্বাবধায়নে বর্তমানে ভোলার চরফ্যাশনে প্রান্তিক কৃষকদের প্রশিক্ষন প্রদান বিষয়ক পরীক্ষামূলক কার্যক্রম চলছে।

