রাবিতে পাঁচ দিনব্যাপী পথনাটক উৎসব শুরু

আসাদুজ্জামান রিফাত, রাবি সংবাদদাতা:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী পুনর্মিলনী ও পথনাটক উৎসব। রাজশাহী ইউনিভর্সিটি ড্রামা এসোসিয়েশনের আয়োজনে (রুডা) এ উৎসবে শনিবার, রোববার ও সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্ত মঞ্চে মোট নয়টি নাটক প্রদর্শন করা হবে।

‘ধরো হাত কণ্ঠে রাখো জোর, জীর্ণতার আধারে ভেঙ্গে আসবে ভোর’ স্লোগানে শনিবার সকাল ১০টায় এ পথ নাটকের উদ্বোধন করেন রুডার প্রাক্তন সহসভাপতি এনামুল কবির বিশ্বাস।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা ও রুডার প্রতিষ্ঠাকালীন সদস্য অধ্যাপক ছাদেকুল আরেফিন। এ সময় সংগঠনটির সভাপতি শাহাবুদ্দিন সিহাবের সভাপতিত্বে অধ্যাপক ছাদেকুল আরেফিনকে সম্মাননা প্রদান করা হয়। পরে বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়েল শহীদ মিনারের সামনে থেকে ক্যাম্পাসে একটি আনন্দ শোভাযাত্রা বের করে সংগঠনটির সদস্যরা।

এ উৎসবে মনোজ মিত্রের রচনায় মহাবিদ্যা, মান্নান হীরার আগুনের জবানবন্দী, গিয়াস উদ্দিন সেলিমের ঠ্যারো, রোমেল রহমানের ব্লাড টেস্ট, মান্নান হীরার বৌ, সমীর দাশগুপ্তের বিফলে মূল্য ফেরত, এস্-এর শানি সংকেত, রাধা রমন ঘোষের হয়তো নয়তো এবং জিল্লুর রহমানের ট্রিটমেন্ট নাটক প্রদর্শন করা হবে।

এ নাটকগুলো শনিবার সন্ধ্যা পাঁচটায়, ছয়টায় ও ছয়টা ৪০ মিনিটে প্রদর্শন করা হবে। এছাড়া রবিবার ও সোমবার সন্ধ্যা পাঁচটায়, পাঁচটা ৫৫ মিনিট ও ছয়টা ৪০ মিনিটে প্রদর্শন করা হবে। এর বাহিরে সোমবার ও মঙ্গলবার সকাল ১০টায় সাংস্কৃতিক আড্ডা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এর আগে গতকাল শুক্রবার সকাল ১০টায় পুনর্মিলনী ও বার্ষিক বনভোজন এবং বিকেল সাড়ে চারটায় সোনাদিদির সাড়ি ডকুমেন্টরি প্রদর্শন করা হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: