তানোরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
মিজানুর রহমান, তানোর সংবাদদাতা:
রাজশাহীর তানোরে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এঘটনায় থানা পুলিশ বাদি হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কলমা ইউপির আজিজপুর গ্রামে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কলমা ইউপির আজিজপুর গ্রামের ফজর আলীর স্ত্রী ফাতেমা বিবির (২৮) ছেলে গত এক বছর আগে মারা যায়। ছেলের চিন্তায় মা ফাতেমা গত রবিবার গভীর রাতে নিজ ঘরের দরজা বন্ধ করে তীরের সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। অনেকক্ষণ ধরে ডাকাডাকির পর দরজা না খুললে ট পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙ্গে গিয়ে দেখে ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। এমন অবস্থা দেখে তারা চিৎকার – চেঁচামিচি শুরু করলে পাড়ার লোকজন শুনতে পেয়ে ছুটে আসে।
পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ লাশটি উদ্ধার করে গতকাল সোমবার ময়না তদন্তর জন্য মর্গে পাঠানো হয় এবং সন্ধ্যায় ময়না তদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এনিয়ে মামলার তদন্তকারী অফিসার এস আই গোলাম মোস্তফা জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য মর্গে পাঠানো হয়েছিলো । এনিয়ে পুলিশ বাদি হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে তবে যদি অন্য কেউ অভিযোগ করে তাহলে তা তদন্ত সাপক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

