মুম্বাইয়ে করোনার সংক্রমণ উহানকেও ছাড়িয়ে গেল
নিউজ ডেস্কঃ
ভারতে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। চতুর্থ পর্যায়ের লকডাউনেও লাগাম পরানো যাচ্ছে না করোনা সংক্রমণে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছে ৯ হাজার ৯৮৫ জন। নতুন করে মৃত্যু হয়েছে ২৭৯ জনের।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা পৌঁছে গেছে দুই লাখ ৭৬ হাজার ৫৮৩ জনে। যার মধ্যে চিকিৎসাধীন এক লাখ ৩৩ হাজার ৬৩২ জন। সুস্থ হয়ে উঠেছে এক লাখ ৩৫ হাজার ২০৬ জন। বর্তমানে ভারতজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা সাত হাজার ৭৪৫ জন।
মহারাষ্ট্র রাজ্যে করোনা সংক্রমণ অব্যাহত গতিতে বেড়ে চলেছে। সেখানে ৯০ হাজার ৭৮৭ জন আক্রান্ত হয়েছে। যার মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৪২ হাজার ৬৩৮ জন। ভারতে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের চার ভাগের একভাগই মহারাষ্ট্র রাজ্যের।
বাণিজ্য নগরী মুম্বাইয়ে বর্তমানে করোনায় মোট আক্রান্ত ৫১ হাজার ১০০ জন। করোনাভাইরাস প্রথম দেখা দেওয়া চীনের উহান শহরের থেকে যা কি না প্রায় ৭০০ জন বেশি। চীনের উহানে এ পর্যন্ত করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৫০ হাজার ৩৪০ জন। যার মধ্যে মৃত্যু হয়েছে এক হাজার ৭৬০ জনের।
ভারতে করোনা সংক্রমণের হিসাবে মহারাষ্ট্রের পরেই রয়েছে দিল্লি। সেখানে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৮৭৪ জন।

