১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে গোপালপুরে ডিকেআইবি’র কর্মসূচী শুরু

এ কিউ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি:

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা সত্ত্বেও ৮ম জাতীয় বেতন স্কেলে ডিপ্লোমা কৃষিবিদদের ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়িত না হওয়ায়, তা বাস্তবায়নের দাবিতে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি)’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় প্রথম দিন ৩ ফেব্রুয়ারি বুধবার দাবি সম্বলিত ব্যানার টানানো কর্মসূচী পালন করে ডিকেআইবি টাঙ্গাইলের গোপালপুর উপজেলা শাখা।

এসময় সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইব্রাহিম আলী মিঞা, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি)’র গোপালপুর উপজেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আজিম উদ্দিন, সহ-সভাপতি মো. ইদ্রিস হোসেন, সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, হামিদুল হক, প্রচার প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক মো. আবু কায়সার রাসেল, মো. আবদুল বাছেদ, মাহমুদ হোসেন, এস.এম. কুদরত আলী, মো. মোফাখখারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ডিকেআইবি’র নেতৃবৃন্দরা স্থানীয় সাংবাদিকদের জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১৩সালের ২৩ অক্টোবর তারিখে ডিপ্লোমা কৃষিবিদদের ১০ম গ্রেড বেতন স্কেল উন্নীতের ঘোষণা দেন। কিন্তু ৮ম জাতীয় বেতন স্কেলে তা বাস্তবায়িত না হওয়ায় সারা দেশের ডিপ্লোমা কৃষিবিদদের মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ বিভিন্ন বিভাগ ও দপ্তরে কর্মরত ডিপ্লোমা কৃষিবিদ উপ-সহকারী কৃষি কর্মমর্তা/সমমান পদধারীগণ মাঠ পর্যায়ে কর্মরত থেকে কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণে সময়োপযোগী কৃষি প্রযুক্তি কৃষকদের দৌড়গোড়ায় পৌছে দেয়ার কাজে ডিপ্লোমা কৃষিবিদগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাছাড়াও সার বিতরণ ব্যবস্থাপনা তদারকি, কৃষি উপকরণ কার্ড বিতরণ, কৃষকদের আর্থিক সহায়তা কার্যক্রমের জন্য কৃষকদের ব্যাংক একাউন্ট খোলাসহ মাঠ পর্যায়ে কৃষি সম্পৃক্ত বৃহৎ জাতীয় কর্মসূচী বাস্তবায়নে ডিপ্লোমা কৃষিবিদদের ভূমিকা অপরিসীম। তারা অবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা মোতাবেক ডিপ্লোমা কৃষিবিদদের ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়নের দাবি জানান।

কর্মসূচীর মধ্যে রয়েছে, ৩ ফেব্রুয়ারি বুধবার দেশ ব্যাপী উপজেলা, জেলা, মহানগর, অঞ্চল এবং কেন্দ্রে দাবি বাস্তবায়নের জন্য ব্যানার টাগানো, ১০ফেব্রুয়ারি বুধবার সারাদেশের উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান, ১৪ ফেব্রুয়ারি রোববার দেশের সকল জেলায় মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান, ২২ ফেব্রুয়ারি সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান, ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার হতে ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত প্রধানমন্ত্রী, অর্থ মন্ত্রী, কৃষি মন্ত্রী বরাবরে স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান, পৌর সভার মেয়র, বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত কৃষক/ব্যক্তি, কৃষক প্রতিনিধি, বিশিষ্ট সাংবাদিক, বিশিষ্ট রাজনীতিবিদ, বুদ্ধিজীবীগণের নিকট থেকে ১০ম গ্রেড বেতন স্কেলের স্বপক্ষে সুপারিশ গ্রহণ ও ফ্যাক্স বার্তা প্রেরণ এবং দাবি আদায় না হলে ২৯ ফেব্রুয়ারি সোমবার সাংবাদ সম্মেলন ও পরবর্তী কর্মসূচীর ঘোষণা দেয়া হবে বলে সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আব্দুর রাশেদ খান স্বাক্ষরিত তথ্য সূত্রে জানা গেছে।

  •  
  •  
  •  
  •