ছাত্রী লাঞ্ছনার দায়ে জাবির তিন ছাত্রলীগ কর্মী সাময়িক বহিস্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ছাত্রী লাঞ্ছনার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শাখা ছাত্রলীগের তিন কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মো আবুল হোসেন।

তিনি বলেন, গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজান ইসলামের সভাপতিত্বে শৃঙ্খলা কমিটির জরুরি এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় । এছাড়া ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য অধ্যাপক এস.এম বদিয়ার রহমানকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ছাত্রলীগের বহিস্কৃত তিন কর্মী হলেন-আবু সাদাত মো. সায়েম (সরকার ও রাজনীতি বিভাগ, ৪০তম ব্যাচ), মো. জামশেদ আলম (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ৪৩ তম ব্যাচ) এবং জাহিদ হাসান (বাংলা বিভাগ, ৪৩তম ব্যাচ)। এর আগে এ অভিযোগে তাদেরকে জাবি শাখা ছাত্রলীগ থেকেও সাময়িক বহিস্কার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারী (বৃহস্পতিবার) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগত এক নারী শিক্ষার্থীকে যৌন নিপিড়ন ও তার সাথে থাকা বন্ধুকে মারধর করার সময় বাধা দেওয়ায় ইতিহাস বিভাগের অধ্যাপক মোজাহিদুল ইসলামকে লাঞ্ছনা করে ছাত্রলীগের ঐ তিন কর্মী।

  •  
  •  
  •  
  •