ভারতে শীঘ্রই হচ্ছে ‘স্পুটনিক ভি’-র তৃতীয় দফার পরীক্ষামূলক প্রয়োগ
নিউজ ডেস্কঃ
দুর্গাপুজোর আগেই সম্ভবত এ দেশে শুরু হচ্ছে মানবদেহে রাশিয়ার করোনা-প্রতিষেধক ‘স্পুটনিক ভি’-র তৃতীয় দফার পরীক্ষামূলক প্রয়োগ। রাশিয়ায় ওই টিকার প্রথম ও দ্বিতীয় ধাপের প্রয়োগ শেষ হয়েছে। তাতে সাফল্য মিলেছে বলেই দাবি ভ্লাদিমির পুতিন প্রশাসনের। ভারতে ওই টিকার তৃতীয় ধাপের পরীক্ষা সফল হলেই এ দেশে ‘স্পুটনিক-ভি’ ব্যবহারের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র।
রুশ টিকার পাশাপাশি বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বানানো ‘কোভিশিল্ড’ টিকার দ্বিতীয়/তৃতীয় পর্যায়ের পরীক্ষা চলছে ভারতে। তার দায়িত্বে রয়েছে সিরাম ইনস্টিটিউট। কেন্দ্র মনে করছে, এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতেই দেশবাসীকে কোনও সুখবর দেওয়া সম্ভব হবে।
ভারতে ‘স্পুটনিক-ভি’-র পরীক্ষামূলক প্রয়োগ ও উৎপাদনের দায়িত্বে রয়েছে এ দেশের রেড্ডি’জ় ল্যাবরেটরিজ়। আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সাংবাদিক বৈঠকে নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভি কে পল বলেন, ‘‘ভারতে স্পুটনিকের পরীক্ষামূলক প্রয়োগ শুরুর জন্য দেশীয় সংস্থার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে বলা হয়েছে ওই টিকার নির্মাতা সংস্থাকে। ওই সংস্থা জানিয়েছে, তারা ইতিমধ্যেই ভারতীয় সংস্থাকে চিহ্নিত করেছে। আমরা আশা করব, দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োগের অনুমতি চেয়ে আবেদন জানাবে তারা।’’

