ঝিনাইদহ ভেটেরিনারি কলেজকে যবিপ্রবির অনুষদ করার দাবিতে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজকে অনতিবিলম্বে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদ হিসেবে বাস্তবায়ন করার দাবিতে ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্তরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উক্ত কলেজের সকল বর্ষের শিক্ষার্থীরা।
বুধবার সকাল ১১ টায় উক্ত মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন অনুষদ বাস্তবায়ন কমিটির সকল সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় এলাকাবাসী, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, সাংবাদিক, এলাকার সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্র-ছাত্রী, ও কর্মকর্তা-কর্মচারীসহ সর্বশ্রেণির জনগণ।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারী এলাকার স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা বলেন, বিগত চারটি ভেটেরিনারি কলেজ তথা চট্টগ্রাম সরকারি ভেটেরিনারি কলেজ, সিলেট সরকারি ভেটেরিনারি কলেজ, দিনাজপুর সরকারি ভেটেরিনারি কলেজ ও বরিশাল সরকারি ভেটেরিনারি কলেজ, ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের আদলে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক কলেজগুলো পরিচালনায় বিবিধ সমস্যার সৃষ্টি হলে এক পর্যায়ে সেগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়। এই অবস্থায় শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় উপর্যুক্ত কলেজগুলো যথাক্রমে চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদে, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদে এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদে রূপান্তরিত হয়। বর্তমানে এ কলেজটিও বিগত চারটি ভেটেরিনারি কলেজের অনুরূপ সংকটাপন্ন অবস্থার সম্মুখীন। এ সমস্যা থেকে উত্তরণের জন্য কলেজটিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদ হিসেবে অন্তর্ভুক্তিকরণ ঝিনাইদহ জেলার মাননীয় সংসদ-সদস্যবৃন্দ, স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বুদ্ধিজীবী, সাংবাদিক, ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীসহ সর্বশ্রেণির জনগণের জোরালো দাবিতে পরিণত হয়েছে। এ দাবী বাস্তবায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে ইতোমধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষামন্ত্রণালয়ের সম্মতি লাভ করলেও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মতি প্রদানে দীর্ঘসূত্রতার কারণে এ প্রক্রিয়াটি জটিলতার সম্মুখীন।
মানববন্ধন পালনকারি শিক্ষার্থীরা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের চাহিদাপত্রের প্রেক্ষিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক অনতিবিলম্বে সম্মতি পত্র প্রদান করতে হবে এবং একই সাথে ভেটেরিনারি কলেজটিকে অতিদ্রুত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ (ফ্যাকাল্টি) হিসেবে বাস্তবায়ন করে বিশ্ববিদ্যালয়ের সকল সুযোগ-সুবিধা প্রাপ্তি ও বিশ্বমানের ভেটেরিনারিয়ান হওয়ার সুযোগ করে দিতে হবে।
শিক্ষার্থীরা আরো জানান , বিগত দিনে একই কারনে আমরা বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দাবি জানিয়ে এসেছিলাম এবং কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা সেই কর্মসূচীগুলো সাময়িক স্থগিত করি। এদিকে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্ন্তভূক্তিকরণ এবং তা দ্রুত বাস্তবায়ন এলাকার সর্বস্তরের জনগনের জোরালো দাবিতে পরিণত হয়েছে। এমতাবস্থায় আমাদের দাবি আদায়ের লক্ষে, আমরা পূণরায় এ মানববন্ধন কর্মসূচী গ্রহণ করেছি এবং পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের অনুষদ বাস্তবায়নের ঘোষণা না পাওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি থেকে পিছপা হবো না ।
মানববন্ধন কর্মসূচীর পাশাপাশি শিক্ষার্থীরা তাদের দাবি ও কলেজের বর্তমান সমস্যা সম্বলিত বিভিন্ন পোষ্টার-ব্যানার ও প্লাকার্ড প্রদর্শন করে এবং এর আগে তারা মাননীয় মন্ত্রী, সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মাননীয় সংসদ সদস্য, মেয়র, ঝিনাইদহ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেছে।
উল্লেখ্য যে, ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ হিসেবে বাস্তবায়নের প্রক্রিয়ার অংশ হিসেবে ইতোমধ্যে শিক্ষামন্ত্রণালয়ের, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে স্ব স্ব কমিটি কলেজটি পরিদর্শন করেন এবং বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদ হিসেবে অন্তর্ভুক্তির বিষয়ে একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয়ের চাহিদাপত্র মোতাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে সম্মতি পত্র প্রদানের জন্য অনুরোধ করা হয়। কিন্তু,দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও সম্মতি পত্র প্রদান না করার কারণে এই প্রক্রিয়াটি জটিলতার সৃষ্টি হয়েছে ফলে ঝিনাইদহের সচেতন মহলসহ সকল শ্রেণী-পেশার জনগনের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

