এক বৃষ্টিতেই ৯ কোটি টাকার ক্ষতি
ঝিনাইদহ প্রতিনিধি:
এক রাতের হঠাৎ বৃষ্টিতেই ঝিনাইদহের ১০৪ টি ইট ভাটার প্রায় ৯ কোটি টাকার ইটের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইট ভাটা মালিক সমিতি। তাদের জন্য এই ক্ষতি পূরণ কষ্টকর হবে।
সদরের বিষয়খালী, কয়ারগাছি, নারিকেলবাড়িয়া, কালীগঞ্জের ছালাভরা, দুলালমুন্দিয়া, বারোবাজার, কোটচাঁদপুরের ফুলবাড়ি, সাব্দালপুর, শৈলকুপার ভাটই, হরিনাকুন্ডুর চাঁদপুর, ভায়নাসহ বিভিন্ন এলাকার ভাটাগুলোর কাঁচা ইট বৃষ্টিতে শেষ হয়ে গেছে। মহেশপুর উপজেলার ভৈরবায় অবস্থিত মহেশপুর ব্রিকস এর মালিক হজ্জেল হক জানান, কয়েকজন শেয়ারে তারা এই ভাটা পরিচালনা করেন। ভাটায় ৪ লাখ কাঁচা ইট ছিল। যা মঙ্গলবারের বৃষ্টিতে সব শেষ হয়ে গেছে। তিনি আরো জানান, আনুমানিক ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। আবার নষ্ট ইট ফেলতে লেবার খরচ করতে হবে। এতে তারা বড় ধরণের ক্ষতির মূখে পড়েছেন।
ঝিনাইদহ জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মাহমুদুল ইসলাম ওরফে ফোটন জানান, প্রতিটি ভাটাই কাঁচা ইট ছিল। ভাটা প্রতি গড় ৩ হাজার করে ইট নষ্ট হয়েছে। এতে শতাধিক ভাটায় প্রায় নয় কোটি টাকার ইটের ক্ষতি হয়েছে। তিনি উল্লেখ করেন, অনেকে আছেন যারা ঋণ নিয়ে ভাটা পরিচালনা করেন। তাদের পক্ষে এই ক্ষতি সামাল দেওয়া কষ্টকর হয়ে পড়বে।

