পরিশ্রম করে খাই, তৃপ্তি পায়!
আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বড়বাড়ি গ্রামের মৃত. খোকন হোসেন মন্ডলের ছেলে দাউদ হোসনের চাষের কোন জমি ছিলনা। তারপরও অন্যের জমিতে দিন মজুরীর কাজ করে ভালোই সংসার চলছিল।
কিন্তু হঠাত করেই অসুস্থ হবে পড়েন তিনি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর উপায়ান্ত না পেয়ে ভিক্ষার ঝুলি হাতে নিয়ে ভিক্ষাবৃত্তি শুরু করেন। এখন তার বয়স হয়েছে। কিন্তু সুস্থ্য আছেন। তাই ভিক্ষাবৃত্তি ছেড়ে এখন ভ্রাম্যমান বাদাম বিক্রেতা। প্রতিদিন সকালেই বাদাম নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। সারাদিন বাদাম বিক্রি করে যে টাকা লাভ হয় তা দিয়ে সংসার চলছে।
দাউদ হোসেন জানান, পরিশ্রম করে খাই, এতে যে তৃপ্তি পায় ভিক্ষা করে তা পাই না। প্রথমে দু’কেজি ছোলা নিয়ে বিক্রি শুরু করি। যাদের নিকট থেকে ভিক্ষা নিতাম তারা আমার ছোলা বিক্রি দেখে খুশি হন। তারা পরামর্শ দিলেন বাদাম বিক্রি করতে। সেই থেকে বাদাম বিক্রি শুরু। সপ্তাহে বিভিন্ন হাট বাজারে দোকানিদের নিকট গেলে তাদের প্রয়োজন মত বাদাম কিনে নেন।
প্রতিদিন দুই কেজি করে বাদাম বিক্রি করি। যে টাকা লাভ হয় তা দিয়ে সংসার, নিজে ও বউয়ের ওষুধ কিনি। ইউনিয়ন থেকে একটা বয়স্ক ভাতার কার্ডও করে দিয়েছেন বলেও তিনি জানান।

