২০২০-২১ অর্থবছরে চাল ও সার কিনবে সরকার

নিউজ ডেস্কঃ

রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ২০২০-২১ অর্থবছরের জন্য ভারত থেকে ৫০ হাজার টন সিদ্ধ চাল ও কাতার-সৌদি আরব থেকে ৭৫ হাজার টন ইউরিয়া সার কিনতে তিনটি পৃথক প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুপস্থিতিতে আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৪তম বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে অনলাইনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ্ মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, আজকের ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠকে টেবিলে উত্থাপিত একটি প্রস্তাবসহ মোট ১৪টি ক্রয় প্রস্তাব উপস্থাপিত হলে এর মধ্যে ১০ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

অতিরিক্ত সচিব বলেন, আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ২০২০-২১ অর্থবছরে প্যাকেজ দুই এর আওতায় ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল ক্রয় প্রস্তাবে সায় দেওয়া হয়েছে। এর সুপারিশকৃত দরদাতা হচ্ছে ভারতের মুম্বাইয়ে এম এস রিকা গ্লোবাল ইমপ্যাক্টস লিমিটেড।

প্রকল্পবের বিস্তারিত তুলে ধরে আবু সালেহ বলেন, দুই কোটি দুই লাখ ১৭ হাজার ৫০০ মার্কিন ডলার বা ১৭১ কোটি ৪৪ লাখ ৪৪ হাজার টাকায় এ চাল কেনা হচ্ছে জানিয়ে প্রতিকেজি ৩৪ টাকা ২৮ পয়সা দেশের বন্দর পৌঁছানে পর্যন্ত খরচ পড়বে। প্রতি টনে ক্রয়মূল্যে দাঁড়াবে ৪০৪ দশমিক ৩৫ মার্কিন ডলার। ভারত থেকে এ চাল আসবে। এর আগেও গত ৩৩তম ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ২০২০-২১ অর্থবছরের জন্য ১৭৬ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকায় ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছিলো কমিটি। তখন প্রতি কেজি চালের দাম ৩৫ টাকা ২৭ পয়সা৷ আর প্রতি টনে ক্রয়মূল্যে দাঁড়াবে ৪১৬ মার্কিন ডলার। এর সুপারিশকৃত দরদাতা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের এম এস পি কে এগ্রি লিংক প্রাইভেট লিমিটেড।

অন্যদিকে চলতি অর্থবছরে জন্য কাতার ও সৌদি আরব থেকে ৭৫ হাজার টন ইউরিয়া সার কিনতে তিনটি পৃথক প্রস্তাবের অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। এতে সরকারের মোট ব্যয় হবে ১৬৭ কোটি ৮৭ লাখ ৪৭ হাজার টাকা। অতিরিক্ত সচিব আবু সালেহ্ মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, কাতারের মুনতাজ থেকে অষ্টম লটে ২৫ হাজার টন বাল্ক গ্র্যানুলার (অপশনাল) ইউরিয়া সার আমদানির প্রত্যাশাগত অনুমোদন প্রস্তাব করা হয়। ৫৬ কোটি ছয় লাখ ৭০ হাজার টাকায় সার আনা হবে। সৌদি আরবের এসএবিআইসি থেকে নবম লটে ২৫ হাজার টন বাল্ক গ্র্যানুলার (অপশনাল) ইউরিয়া সার আমদানির প্রত্যাশাগত অনুমোদন প্রস্তাব। ৫৫ কোটি ৯০ লাখ ৭৭ হাজার টাকায় এ সার আনা হবে। এছাড়া খাদ্য অধিদপ্তরের বাস্তবায়নাধীন একটি প্রকল্পের আওতায় আধুনিক স্টিল সাইলো নির্মাণ কাজের সুপারভিশন পরামর্শক প্রতিষ্ঠান গ্রিকো ফ্রান্সের সঙ্গে বিদ্যমান চুক্তি সংশোধনের প্রস্তাব করা হয়েছে। ২১ কোটি ৫৫ লাখ এর সাথে ২২ কোটি ৫৩ লাখ টাকা যুক্ত হয়ে ৪৪ কোটি নয় লাখ টাকা দাঁড়িয়েছে। এনএমএস।

  •  
  •  
  •  
  •  

Tags: