কুবিতে নানা আয়োজনের ব্যবস্থাপনা সপ্তাহ শুরু

এস এম জোবায়ের, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগে ব্যবস্থাপনা সপ্তাহ শুরু হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর অধ্যাপক ড. মোঃ আলী আশরাফ সপ্তাহব্যাপি এ কর্মসূচির উদ্বোধন করেন। তাদের এ কার্যক্রম ১৪ ফেব্রুয়ারী (রোববার) থেকে ১৮ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) পর্যন্ত চলবে ।

রোববার সকাল ১১ টায় ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে বর্নাঢ্য এক র‌্যালির মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। র‌্যালিটি শুরুর পূর্বে অনুষদের প্রধান ফটকে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহম্মদ আহসান উল্যাহর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আশরাফ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে সহশিক্ষামূলক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্ববিদ্যালয়ে এই ধরনের উদ্যোগ নেওয়ায় ব্যাবস্থাপনা বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।’

সভাপতির বক্তব্যে ড. আহসান উল্যাহ বলেন, ‘ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সহশিক্ষামূলক কার্যক্রমেও সবসময় এগিয়ে। এ ধরনের অনুপ্রেরণামূলক কার্যক্রম সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে’।
এ সময় উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক ড.শেখ মাকছেদুর রহমান, সহকারী অধ্যাপক সাইদুল আল-আমিন, প্রভাষক কাজী ওমর সিদ্দিকী, প্রভাষক মো. সাহেদুর রহমান, প্রভাষক মো. সিদ্দিকুর রহমানসহ বিভাগের সকল শিক্ষার্থীবৃন্দ।

সপ্তাহ ব্যাপী এ কর্মসূচীর মধ্যে রয়েছে আন্তঃ ব্যাচ ক্রিকেট প্রতিযোগীতা, ভলিবল, ইন্টিলেকচুয়াল গেম, নবীন বরণ ও প্রবীণ বিদায়সহ বিভিন্ন ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উল্লেখ্য, আজ ১৪ ফেব্রুয়ারী (রোববার) থেকে ১৮ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) পর্যন্ত চলবে ম্যানেজমেন্ট সপ্তাহ।

  •  
  •  
  •  
  •  

Tags: