বাংলাদেশের শ্রীলঙ্কা সফর এপ্রিলে
নিউজ ডেস্কঃ
করোনার কারণে চলতি বছরে দুই দফা স্থগিত হয়েছিল বাংলাদেশ জাতীয় দলের শ্রীলঙ্কা সফর। নতুন করে আবারও শুরু হয়েছে টাইগারদের লঙ্কা সফরের আলোচনা। গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী এপ্রিলে লঙ্কা সফরে যেতে পারে বাংলাদেশ দল।
মুমিনুলদের শ্রীলঙ্কা সফর নিয়ে গতকাল মিরপুর স্টেডিয়ামে বিসিবির এই কর্মকর্তা বলেছেন, ‘শ্রীলঙ্কা সিরিজের ব্যাপারে আমাদের শ্রীলঙ্কা বোর্ডের সঙ্গে কথা হচ্ছে। এই প্রস্তাবটা ওদের কাছে থেকে এসেছে। প্রথমে আমাদের যখন আলোচনাটি হচ্ছিল কিন্তু সিরিজটা হয়নি। আমরা ঐক্যমতে পৌঁছেছি যে, আমরা আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের যে প্রতিশ্রুতি রয়েছে সেই অনুযায়ী আমরা শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট ম্যাচ খেলব এবং তার সঙ্গে যদি অন্যকিছু যুক্ত হয় আমাদের এফটিপিতে ঐ স্পেসটা পাওয়া যায় আমরা সেভাবেই কাজ করে নিব।’
এপ্রিলে দুই দলের আন্তর্জাতিক সূচিতে ফাঁকা সময় আছে। নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘এটা এই মুহূর্তে এপ্রিলকে টার্গেট করে করা হচ্ছে। তখন একটা ফাঁকা সময় আছে আমাদের এবং শ্রীলঙ্কার জন্য। সেভাবেই আমরা কাজ করছি।’ এফটিপি অনুযায়ী তিন টেস্ট খেলার কথা বাংলাদেশের। এখন অন্তত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নির্ধারিত দুটি খেলতে চায় বিসিবি-এসএলসি। সঙ্গে ওয়ানডে, টি-২০ ম্যাচও যোগ হতে পারে এই সিরিজে। বিসিবির প্রধান নির্বাহী গতকাল বলেছেন, ‘কমপক্ষে টেস্ট দুইটা তো পুরোটাই নির্ভর করবে ফাঁকা সময়ের ওপর।’

