হেফাজতের আরও দুই নেতা গ্রেফতার, সহকারী মহাসচিব ৫ দিনের রিমান্ডে
নিউজ ডেস্কঃ হেফাজতে ইসলামের আরও দুই কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এবং পল্টন থানা সূত্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃতরা হলেনঃ সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী এবং ঢাকা মহানগর কমিটির কার্যনির্বাহী সদস্য সানাউল্লাহ।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোররাতে মানিকগঞ্জের সিংগাইর থেকে সাইফুল্লাহ আইয়ূবীকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি টিম। এর আগে বুধবার দিবাগত রাতে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে সানাউল্লাহকে গ্রেফতার করে পল্টন থানা পুলিশ।
এ নিয়ে হেফাজতে ইসলামের শীর্ষ পর্যায়ের ১২ নেতা গ্রেফতার হলেন। এর আগে মঙ্গলবার (২০ এপ্রিল) হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনকে রাজধানীর মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয়। তার আগে গত রোববার (১৮ এপ্রিল) হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতার করে পুলিশের তেজগাঁও বিভাগ।
এদিকে প্রায় আট বছর আগে রাজধানীতে হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরের সহ-সভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর খুরশিদ আলম কাসেমীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পবার (২২ এপ্রিল) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় ২০১৩ সালের পল্টন থানার মামলায় সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বুধবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

