মাস্ক না পরলে ‘বেতের বাড়ি’ মারা হবে

mask

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঘরের বাইরে মাস্ক না পরলে কঠোর আইনি ব্যবস্থার দিকে যাচ্ছে সরকার। একইসঙ্গে পুলিশকে দিয়ে পেটানোর ক্ষমতাও দিতে যাচ্ছে সরকার। আর সেটি আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসা হচ্ছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তা।তিনি জানান, বিষয়টি যেকোনো আইনের মধ্যে সংযোজন করে বাস্তবায়ন করা হবে। উদ্দেশ্য করোনা সংক্রমণ রোধ করা।

সোমবার (২৬ এপ্রিল) লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের বিষয়টি সেখানে আলোচনায় উঠে আসে। এ সময় বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তারা পুলিশকে দিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের বিষয়টিও আলোচনায় আনেন।

ওই বৈঠকেই সিদ্ধান্ত হয়, যদি কেউ মাস্ক ব্যবহার না করে তাহলে তাকে মাস্ক ব্যবহারে বাধ্য করতে পুলিশকে লাঠিচার্জ করার ক্ষমতা দেওয়ার বিষয়টি যে কোনও আইনে অন্তর্ভুক্ত করা হোক।

সরকারের এক কর্মকর্তা বলেন, মাস্ক না পেলে শাস্তি কী আলোচনার সময় একজন কর্মকর্তা বেতের বাড়ির প্রস্তাব করেন। কিন্তু প্রচলিত আইনে বেতের বাড়ি দেওয়ার সুযোগ নেই। এর পরিপ্রেক্ষিতে আরেকজন আলোচক প্রয়োজনে আইনি সুযোগ তৈরির প্রস্তাব করেন।

ওই কর্মকর্তা আরও বলেন, এরই পরিপ্রেক্ষিতে বেতের বাড়ির বিষয়টি কীভাবে আইনি পরিকাঠামোতে আনা হবে, তা ভাবা হচ্ছে। এ নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, জরুরি জনস্বার্থ বিষয়ক প্রয়োজনে সরকার বেতের বাড়ি দেওয়ার প্রভিশন আইনে যুক্ত করতে পারে। সংক্রামকব্যাধি নিয়ন্ত্রণ আইন বা অন্য কোনো আইনে তা বৈধতা দেওয়া হবে।

  •  
  •  
  •  
  •