প্রাণের কারখানায় ভাংচুরের ঘটনায় মামলা দায়ের, আটক ৫
ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
ওভার টাইমে বেতন কমিয়ে সময় বাড়ানোর প্রতিবাদ এবং বেতন বৃদ্ধি সহ ১২ দফা দাবীতে নাটোরের প্রাণ এগ্রো কারখানায় ভাংচুর এবং লুটপাটের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রাণ এগ্রো লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের বাদী হয়ে ২৪জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
এদিকে রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫আন্দোলনকারী শ্রমিককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, নাটোর শহরতলীর একডালায় প্রাণ এগ্রো লিমিটেডে শ্রমিক অসন্তোষের কারনে একাডেমিক ভবন, টেষ্টিং ল্যাব, মেডিকেল সেন্টার, ক্যান্টিং সহ বিভিন্ন স্থাপনায় ভাংচুর চালায় শ্রমিকরা। এছাড়া ভল্ট ভেঙ্গে নগদ টাকা লুটপাটের ঘটনাও ঘটে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি সাধিত হয়। এ ব্যবস্থায় বৃহস্পতিবার রাতে প্রাণ এগ্রো লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের বাদী হয়ে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করে। মামলার পর রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫জন শ্রমিককে আটক করে পুলিশ। তবে আটককৃতদের নাম জানাতে অস্বীকৃতি জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নজরুল ইসলাম জুয়েল মামলার সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদের জড়িত থাকার বিষয়টি যাচাই-বাছাই চলছে। তবে মামলার তদন্তের স্বার্থে গোপনীয়তা বজায় রাখা হচ্ছে ।
এদিকে, শ্রমিকদের আন্দোলনের কারনে সকল ধরনের পণ্য উৎপাদন বন্ধ রেখেছে কারখানা কর্তৃপক্ষ। তবে কবে নাগাদ কারখানাটি চালু করা সম্ভব হবে এ বিষয়ে কেউ স্পষ্ট করে কিছু বলতে পারেননি। বৃহস্পতিবার রাতে প্রশাসনিক কর্মকর্তা এবং কর্মচারীদের নিয়ে মিটিং করেছেন প্রাণ এগ্রো লিমিটেডের পরিচালক ইলিয়াস মৃধা। এ সময় কারখানাটিতে মোট ১৭ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়। নাটোর প্রাণ এগ্রো লিমিটেডের ডেপুটি ম্যানেজার সারোয়ার হোসেন, মিডিয়া ম্যানেজার সুজন মাহমুদ সহ উর্দ্ধতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

