ইসরায়েলের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করলো বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ

ccc

নিউজ ডেস্কঃ গাজায় রকেট এবং বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল। গত সোমবার (১০ মে) থেকে শুরু হওয়া এ হামলায় গাজায় ৫৮ জন শিশু ও ৩৪ জন নারীসহ কমপক্ষে ১৯২ জন নিহত হয়েছেন।

ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর বিচার দাবি করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি করা হয়।

রবিবার (১৬ মে) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ করে সংগঠনটির নেতা-কর্মীরা। এসময় ইসরায়েল প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয়।

মানববন্ধনে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর ইসরায়েল বাহিনীর বর্বরোচিত হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। ফিলিস্তিনের ওপর হামলাকারী ইসরায়েল বাহিনীর নগ্ন হামলা শত শত ফিলিস্তান নাগরিকের জীবন কেড়ে নিয়েছে। মুসলিমদের পবিত্র মসজিদ আল আকসায় হামলার মাধ্যমে ইসরায়েল বাহিনী অত্যন্ত ঘৃণিত অপরাধ করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তানী নাগরিকদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আহবান জানাচ্ছি।

এসময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দাবি করে তার গ্রেফতারের দাবি জানায় সংগঠনটির নেতৃবৃন্দ। একইসাথে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবিও করে তারা।

এসময় সংগঠনটির পক্ষ থেকে ফিলিস্তানী রাষ্ট্রের পূর্ণাঙ্গ স্বাধীনতা প্রদান, ইসরায়েল বাহিনীর সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তোলা, জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে এ হামলার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: