পল্লবীতে সন্তানের সামনে বাবাকে কুপিয়ে হত্যা, ‘বন্দুকযুদ্ধে’ আসামি মানিক নিহত

manik

নিউজ ডেস্কঃ সন্তানের সামনে বাবাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার আসামি মানিক র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। র‍্যাব-৪-এর অপারেশনস অফিসার এএসপি জিয়াউর রহমান চৌধুরী আজ শুক্রবার সকালে এ তথ্য জানান।

জমি নিয়ে বিরোধের জেরে পল্লবীর বুড়িরটেকের বাসিন্দা সাহিনুদ্দিনকে গত রোববার বাসা থেকে ডেকে নিয়ে তার সন্তানের সামনে কুপিয়ে হত্যা করা হয়। রোববার (১৬ মে) দিবাগত রাতে পল্লবী থানায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এমএ আউয়ালকে প্রধান আসামি করে ২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহতের মা আকলিমা।

মামলার অন্য আসামিরা হলেন- আবু তাহের, মো. সুমন, মো. মুরাদ, মো. মনির, মো. শফিক, মো. টিটু, আ. রাজ্জাক, মো. শফিক (২), কামরুল, মো. কিবরিয়া, মো. দিপু, মরন আলী, মো. লিটন, আবুল, সুমন ওরপে ন্যাটা সুমন, কালু, বাবু ও ইয়াবা বাবু।

সাহিনুদ্দিনের মা আকলিমা বেগমের অভিযোগ, পল্লবীর সেকশন-১২ বুড়িরটেকের আলীনগর আবাসিক এলাকার হ্যাভেলি প্রোপার্টিজ ডেভেলপার লিমিটেডের এমডি লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি আউয়ালের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে ভাড়াটে সন্ত্রাসীরা সাহিনুদ্দিনকে হত্যা করেছে।

আলীনগর এলাকায় সাহিনুদ্দিনদের আনুমানিক ৫ কোটি টাকা মূল্যের ১০ একর জমি জবরদখলে বাধা দেয়ায় খুন হতে হয়।

এ বিষয়ে পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, আজ ভোরের দিকে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আসামি মানিক নিহত হয়েছেন।

ওসি বলেন, মানিকের নামে থানায় একাধিক মামলা আছে। তিন মাস আগেও ডাকাতির প্রস্তুতির মামলায় তিনি গ্রেফতার হয়েছিলেন।

  •  
  •  
  •  
  •