ধেয়ে অাসছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’, সতর্কবার্তা জারি
নিজস্ব প্রতিবেদক
বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া ঘূর্ণিঝড় ‘ইয়াস’ নিয়ে দুশ্চিন্তা বেড়েছে। উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপে এই ঘূর্ণিঝড় রূপ নিচ্ছে। ক্রমশঃ সেটি শক্তি বৃদ্ধি করে সুপার সাইক্লোনে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।
ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর কারণে শনিবার (২২ মে) সকালে সতর্কবার্তায় জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বার্তায় বঙ্গোপসাগরে সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। সেইসঙ্গে গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে রোববারের (২৩ মে) মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হচ্ছে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে পরবর্তীতে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৬ মে নাগাদ উড়িষ্যা-পশ্চিমবঙ্গ-বাংলাদেশের খুলনা উপকূলে আঘাত হানতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, বাংলাদেশ-ভারতের দিকে ধেয়ে আসতে যাওয়া এই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে ইয়াস (Yass)। এর নামকরণ করেছে ওমান।
এদিকে আজ (শনিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও পাবনা জেলাসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
বৃষ্টির বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
গতকাল ঢাকায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। আজকেও গতকালের মতো তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে।

