ইসরায়েলি বিমানের জন্য আকাশপথ বন্ধ করল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের যে কোনো প্রকারের বিমান সৌদির আকাশে প্রবেশ করতে পারবে না। মঙ্গলবার (২৫ মে) সৌদি এ সিদ্ধান্ত নেয় বলে জানায় তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু। তবে কী কারণে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা প্রতিবেদনটিতে পরিষ্কার করা হয়নি।
গত নভেম্বরে, সৌদি আরব ইসরায়েলি বিমানকে দুবাই যাওয়ার পথে তার আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়। সৌদি আরবের পরিবর্তে অন্য কোনো রুট বেছে নেওয়া হলে ইসরায়েল থেকে তিন ঘণ্টার পরিবর্তে দুবাই পৌঁছাতে আট ঘণ্টার বেশি সময় লাগে।
ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট আব্রাহাম অ্যাকর্ডে সই হওয়ার পরপরই শুরু হয়েছিল। ওই চুক্তির কারণে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়ে ওঠে। পরে মরক্কো এবং সুদানের পাশাপাশি বাহরাইনও ওই চুক্তিতে শামিল হয়।
ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে আনাদোলু জানায়, সৌদি আরবের আকাশপথ ব্যবহার করতে না দেওয়ায় তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে আমিরাতের উদ্দেশে উড্ডয়নের জন্য অপেক্ষমান ফ্লাইট বাতিল করা হয়। এ কারণে যাত্রীদের ১০ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।
ইসরায়েল ও সংযুক্তর আরব আমিরাতের মধ্যে ফ্লাইট চলাচলে সৌদি একটি গুরুত্বপূর্ণ রুট। সৌদির পরিবর্তে অন্য কোনো রুট বেছে নেওয়া হলে ইসরায়েল থেকে তিন ঘণ্টার পরিবর্তে দুবাই পৌঁছাতে আট ঘণ্টার বেশি সময় লাগে।
উল্লেখ্য ইসরায়েলের সঙ্গে গত বছরের ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, সুদান এবং বাহরাইন আব্রাহাম সমঝোতা সই হয়েছিল। তবে এই চুক্তিতে সৌদি আরব যোগ দেয়নি।

