পদবী পরিবর্তন সহ ৩ দফা দাবীতে নাটোরে ইউনিয়ন পরিষদ সচিবদের অবস্থান কর্মবিরতি

নাটোর প্রতিনিধি:
পদবী পরিবর্তন এবং ১০ম গ্রেড স্কেলের মর্যাদা প্রদানসহ সহ ৩ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে অবস্থানপূর্বক কর্মবিরতি পালন করেছে ইউনিয়ন পরিষদ সচিবরা।

সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারী সমিতি (বাপসা) জেলা শাখার ব্যানারে এই কর্মসুচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন সমিতির সভাপতি আবেদ আলী, সহ-সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মৃদুল কুমার তলাপাত্র সহ সমিতির নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে স্থানীয় সরকার মন্ত্রনালয় ইউনিয়ন পরিষদ সচিবদের শতভাগ বেতন ভাতা প্রদানের সিদ্ধান্ত হয়। এ ব্যাপারে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী,প্রতিমন্ত্রী ও স্থানীয় সরকার বিভাগের সচিব সম্মতিসূচক ডিও লেটার দেন। সচিবদের দাবী বাস্তবায়নের জন্য ডিও লেটারটি অর্থমন্ত্রীর দপ্তরে প্রেরণ করা হয়। কিন্তু আজও সে দাবী বাস্তবায়িত হয়নি। বক্তারা দ্রুত তাদের ৩ দফা দাবী বাস্তবায়নের দাবী জানান।

৭ মার্চের মধ্যে তাদের তিন দফা দাবী মানা না হলে ৮ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান ধর্মঘট পালনের জন্য সারা দেশ থেকে ইউপি সচিবদের সাথে তারা যোগ দেবেন বলে ঘোষণা দেন বক্তারা ।

  •  
  •  
  •  
  •