১ জুলাই থেকে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল ফোন
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্কঃ আগামী জুলাই মাস থেকে আর চালু করা যাবে না অবৈধপথে আসা মোবাইল ফোন। এসব মোবাইল হ্যান্ডসেটের সংযোগ বন্ধ করে দেওয়া হবে।
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) নামের এই সিস্টেমটি আগামী ১ জুলাই থেকে শুরু করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
তবে বর্তমানে যেসব অবৈধ হ্যান্ডসেটে সংযোগ চালু আছে, সেগুলো নিবন্ধনের সুযোগ দেওয়া হবে। ৩১ মে বিটিআরসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদুল আলম এসব তথ্য জানান।
বিটিআরসির চেয়ারম্যান বলেন, ‘এরই মধ্যে আইএমইআই ডাটাবেজে ১৪ কোটি আইএমইআই নম্বর যুক্ত হয়েছে। সাত কোটি মোবাইল সেটের তথ্যও যোগ করা হয়েছে। সিস্টেমটি চালু হলে বিদ্যমান সব মোবাইল নিবন্ধিত হয়ে যাবে। এরপরে যেসব মোবাইল দেশে নিয়ম মেনে ঢুকবে না, সেগুলো সচল হবে প্রক্রিয়া মেনে।’
মোবাইল ফোন সেট রেজিস্ট্রেশনের মাধ্যমে নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার কয়েকটি উদ্দেশ্য রয়েছে। একদিকে এর নিরাপত্তাজনিত বিষয় রয়েছে অন্যদিকে এর একটি আর্থিক দিক রয়েছে।
এই দিকগুলো হচ্ছে:
১. কেউ যাতে অবৈধভাবে হ্যান্ডসেট আনতে না পারে। দেশে যাতে বৈধভাবে অ্যাসেম্বল বা তৈরি করা যায়।
২. মোবাইল সেটগুলো নিবন্ধিত থাকলে আমদানিকারকরা সরকারের ট্যাক্স ফাঁকি দিতে পারবে না।
৩. কারো মোবাইল ফোন ছিনতাই বা চুরি করে অন্য কেউ সেটি বিক্রি বা ব্যবহার করতে পারবে না। চুরি হওয়া সেটগুলো উদ্ধার করা সহজ হবে।
৪. মোবাইল সিম, আইএমইআই এবং জাতীয় পরিচয়পত্র একসাথে ট্যাগিং করা হবে। এতে করে একজনের নামে নিবন্ধিত মোবাইল অপরজনের মোবাইল সেটে ব্যবহার করা যাবে না।
৫. মোবাইল ফোন ব্যবহার করে কোন অপরাধ সংঘটন হলে সেটির বিরুদ্ধে দ্রুত এবং সহজে ব্যবস্থা গ্রহণ করা যাবে।

