৩৭১ ইউনিয়ন পরিষদ ও চার শূন্য আসনে ভোটের তারিখ ঘোষণা
নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদ, ১১টি পৌরসভায় নির্বাচন ও লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন।
এছাড়া শূন্য ঘোষিত ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুলাই।
বুধবার (২ জুন) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, শূন্য ঘোষিত ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ জুন। মনোনয়নপত্র বাছাই হবে ১৭ জুন ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন।
হুমায়ুন কবীর খোন্দকার জানান, করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদ, ১১টি পৌরসভায় নির্বাচন ও লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২১ জুন। এই আসনের মনোনয়নপত্র আগেই যাচাই-বাছাই হয়েছে।
উল্লেখ্য গত ৩ মার্চ দেশের ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। একই সঙ্গে ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হয়ে সংসদ সদস্য পদ হারানো শহীদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়।

