ইসরায়েলে নেতানিয়াহুর যুগের অবসান, নতুন প্রধানমন্ত্রী কে?
আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহুর যুগের অবসান হতে চলেছে। নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হতে চলেছেন নাফতালি বেনেট। বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
এক বছরের মধ্যে টানা তিন দফা নির্বাচনের পরও সরকার গঠনের মত আসন পায়নি বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী দল লিকুদ পার্টি। ফলে সরকার গঠনে বিরোধী দলগুলোর সঙ্গে জোট গঠনেরও চেষ্টা করেছিলেন নেতানিয়াহু। কিন্তু তা সফল হয় নি।
এরইমধ্যে নেতানিয়াহুকে এড়িয়ে ইসরায়েলে নতুন জোট সরকার গঠনে ঐকমত্যে পৌঁছেছে বিরোধী দলগুলো। এর মাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর টানা ১২ বছরের শাসনের অবসান হতে চলেছে।
ইসরাইলের বিরোধী দল ইয়েস আতিদ পার্টির চেয়ারম্যান ইয়ার লাপিড বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন যে, আটটি দলের একটি জোট গঠন হয়েছে।
চুক্তি অনুযায়ী, প্রথমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন ইয়ামিনা পার্টির নাফতালি বেনেট।
এক বিবৃতিতে লাপিড বলেন, জোট গঠনের বিষয়টি প্রেসিডেন্ট রিউভেন রিভলিনকে জানানো হয়েছে। আমি আশা করছি, এই সরকার ইসরাইলের সব নাগরিকের জন্য কাজ করবে। যারা আমাদের ভোট দিয়েছেন এবং যারা দেননি সবার জন্য কাজ করবে এ সরকার।
‘এ জোট বিরোধীদের সম্মান করবে এবং ইসরাইলের সমাজকে ঐক্যবদ্ধ ও সংযুক্ত করার জন্য যা যা করার দরকার তার সবটাই করবে।’
প্রেসিডেন্টকে দেওয়া নোটে বলা হয়, বেনেটের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন লাপিড। তিনি দায়িত্ব নেবেন ২০২৩ সালের ২৭ আগস্ট থেকে।
সরকার শপথ নেওয়ার আগে নেসেটে আস্থা ভোটের প্রয়োজন হবে। প্রেসিডেন্ট রিভলিন যতদ্রুত সম্ভব পার্লামেন্টে আস্থাভোটের আয়োজনের আহ্বান জানিয়েছেন।
যদি বিরোধী এ জোট ১২০ আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতে ব্যর্থ হয় তবে গত দুই বছরের মধ্যে পঞ্চমবারের মতো আবারও ভোট আয়োজন করতে হবে দেশটিতে। নেসেটে ৬১ আসন পেলে তবেই সরকার গঠন করতে পারবে বিরোধী এ জোট।

