মেসিকে রুখে দিল ব্রাভো

ক্রীড়া ডেস্কঃ বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা ও চিলির ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। শেষ দিকে লড়াইটা যেন হয়ে গিয়েছিল ক্লাওদিও ব্রাভো আর লিওনেল মেসির। আর্জেন্টাইন অধিনায়কের তিনটি শট ঠেকিয়ে দিয়ে সেখানে জয়ী অভিজ্ঞ গোলরক্ষক। তার দৃঢ়তায় আর্জেন্টিনা থেকে মূল্যবান একটি পয়েন্ট নিয়ে ফিরল চিলি

দুটি গোলই হয় প্রথমার্ধে। পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন মেসি। কিছুক্ষণ পর সমতা আনেন আলেক্সিস সানচেস।

সান্তিয়াগাতো দেল এস্ত্রোর ইউনিক স্টেডিয়ামে প্রথম সুযোগ পায় চিলি। পঞ্চদশ মিনিটে এদুয়ার্দো ভারগাসের শট একটুর জন্য থাকেনি লক্ষ্যে।

আক্রমণ-প্রতি আক্রমণে ম্যাচ জমে উঠলেও দুই দলই ভুগছিল প্রতিপক্ষের রক্ষণে গিয়ে। এর মধ্যেই ২৪তম মিনিটে ঠাণ্ডা মাথায় সফল স্পট কিকে আর্জেন্টিনাকে এগিয়ে নেন মেসি। পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের দেশের হয়ে এটি ৭২তম গোল।

৩৬তম মিনিটে সমতা ফেরায় চিলি। চার্লেস আরানগেসের ফ্রি কিকে গেরি মেদেলের দারুণ কাট ব্যাকে বল পান সানচেস। অরক্ষিত এই স্ট্রাইকার ফাঁকা জালে বল পাঠানোর কাজটা সারেন অনায়াসে। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে তার প্রথম গোল।

শেষের দিকে আক্রমণের গতি বাড়ায় আর্জেন্টিনা। এই সময়ে যেন চীনের প্রাচীর হয়ে দাঁড়ান ব্রাভো। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে উভয় দল।

  •  
  •  
  •  
  •  

Tags: , , ,