বঙ্গোপসাগরে লঘুচাপ, আরও বাড়বে বৃষ্টি

rain

নিউজ ডেস্কঃ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি উপকূলীয় একটি লঘুচাপ বিরাজ করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজমান রয়েছে। ফলে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ বিষয়ে আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, বঙ্গোপসাগরে যে লঘুচাপটি আছে তা সুস্পষ্ট লঘুচাপ হবে। এটি আরও শক্তি সঞ্চয় করে নিম্নচাপ হবে, তেমন কোন লক্ষণ দেখা যাচ্ছে না। এটি ভারতের পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলের দিকে যাবে। এটির প্রভাবে ওখানে বৃষ্টি হবে।

তিনি বলেন, ‘কাল-পরশু থেকেই মৌসুমী বায়ু বেশি সক্রিয় হয়ে যাবে, তখন উপকূলীয় এলাকাসহ সারাদেশেই বৃষ্টি বাড়বে।’

  •  
  •  
  •  
  •  

Tags: ,