খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত নথি হাইকোর্টে দাখিলের নির্দেশ
নিউজ ডেস্কঃ ৬০ দিনের মধ্যে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত সব ধরনের নথি আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১৩ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভাচ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ একটি রিটের প্রাথমিক শুনানি শেষে রুলসহ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী। অন্যদিকে রিটের বিরোধীতা করে শুনানি করেন ব্যারিষ্টার এএম মাহবুব উদ্দিন খোকন।
এর আগে, জাতীয় শোক দিবস ১৫ আগস্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুন অর রশিদ।
রিট আবেদনে খালেদা জিয়ার সকল শিক্ষাগত যোগ্যতা ও জন্ম নিবন্ধনের নথি হাইকোর্টে দাখিলের নির্দেশনা চাওয়া হয়। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদশর্ক (আইজিপি), ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও খালেদা জিয়াকে বিবাদী করা হয়।
প্রসঙ্গত, ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে রাজনীতিতে পক্ষে-বিপক্ষে অবস্থান করছেন বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

