পরীমণিকে ধর্ষণের চেষ্টাকারী সেই ব্যক্তির পরিচয়
বিনোদন ডেস্কঃ জনপ্রিয় অভিনেত্রী পরীমণি তাকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ এনেছেন। এখন নিজের জীবন নিয়ে শঙ্কায় রয়েছেন বলে জানান তিনি।
রোববার রাত পৌনে ১১টার দিকে বনানীর নিজ বাসায় এ অভিযোগ করেন তিনি। ওই ব্যক্তি ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (বিনোদন ও সংস্কৃতি) নাছির ইউ মাহমুদ বলে জানান পরীমণি।
পরীমনির অভিযোগ, চার দিন আগে উত্তরায় বোট ক্লাবে নাছির ইউ মাহমুদ তার ওপর চড়াও হয়েছিলেন। ঢাকা বোট ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য তিনি একজন আবাসন ব্যবসায়ী। নাছির ইউ মাহমুদ কুঞ্জ ডেভলপারস লিমিটেডের চেয়ারম্যান। উত্তরা ক্লাবেরও সাবেক সভাপতি তিনি।
সংবাদ সম্মেলনে পরীমণি বলেন, ‘গত চারদিন ধরে একজন সাধারণ মেয়ে হিসেবে আমি দ্বারে দ্বারে ঘুরেছি। কিন্তু কারো হেল্প পাইনি। সবাইকে বলেছি, আমি সুইসাইড করার মতো মেয়ে না। যদি আমি মরে যাই, মনে করবেন আমাকে মেরে ফেলা হয়েছে। আর আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমাকে হত্যার বিচার করবেন। ’
এর আগে ঘটনার বর্ণনা দিয়ে আলোচিত এই অভিনেত্রী জানান, নাসির ইউ. মাহমুদ নামে একজন তাকে নেশাজাতীয় কিছু খাইয়ে এ ঘটনা ঘটাতে চেষ্টা করেছিলেন।
পরীমণি বলেন, ‘আমার কস্টিউম ডিজাইন করেন জিমি, আমাদের কাজের বাইরেও পারিবারিক সম্পর্ক রয়েছে। তার মাধ্যমে অমির সঙ্গে আমার পরিচয়। উনি বাসায় আসেন চারদিন আগে (ঘটনাটির দিন রাতে)। এর আগে সিনেমার ব্যাপারে মিটিংয়ের জন্য ডেট চাচ্ছিল কিন্তু আমি সময় দিতে পারছিলাম না। আমার নানু কয়েকদিন আগে অসুস্থ ছিলেন সেটা আপনারা জানেন। ’
তিনি আরও বলেন, ‘গত বুধবার রাত ১২টায় আমাকে বিরুলিয়ায় নাছির ইউ. মাহমুদের কাছে নিয়ে যায় অমি। সেসময় নাছির ইউ. মাহমুদ নিজেকে ঢাকা বোট ক্লাবের সভাপতি হিসেবে পরিচয় দেন। সেখানে নাছির ইউ. মাহমুদ আমাকে মদ খেতে অফার করে। আমি রাজি না হলে আমাকে জোর করে মদ খাওয়ানোর চেষ্টা করে। একপর্যায়ে আমাকে চড় থাপ্পড় মারে। তারপর আমাকে নির্যাতন ও হত্যা চেষ্টা করেন।’
এরপর সাংবাদিকদের সামনে নিজের জীবন নিয়ে শঙ্কায় রয়েছেন বলে জানান পরীমণি। একইসঙ্গে তিনি কান্নায় ভেঙে পড়েন। নিজের সঙ্গে ঘটা এমন অপ্রীতিকর ঘটনা কোনোভাবেই মানতে পারছেন না পরীমনি। তাই এর সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
উল্লেখ্য নড়াইলের মেয়ে শামসুন্নাহার স্মৃতি চলচ্চিত্রে পরীমণি নাম নিয়ে ২০১৫ সালে নামার পর দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন। এরই মধ্যে দুই ডজন চলচ্চিত্রে নায়িকার চরিত্র রূপায়ণ করেছেন তিনি।

