কুড়িগ্রামের আওয়ামীলীগের প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের দুর্গাপুর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত চেয়াম্যান প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে মনোনয়ন বঞ্চিত অপর তিন আওয়ামীলীগ প্রার্থীসহ ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
শনিবার দুপুরে দুর্গাপুর বাজারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দুর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওমর ফারুক মঙ্গা। এ সময় উপস্থিত ছিলেন উলিপুর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম বাবলু, বীর মুক্তিযোদ্ধা ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ সরকার, দপ্তর সম্পাদক দুলাল হোসেন, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, যুবলীগ সভাপতি মশিউর রহমান, ছাত্রলীগ সভাপতি শামীম আহসানসহ অন্যান্য নেতারা।
লিখিত অভিযোগে জানানো হয়, গত ১৬ ফেব্রুয়ারি দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রার্থী চুড়ান্ত না করে পরিকল্পিতভাবে সভা ভেঙে দেয়া হয়। পরবর্তীতে ২৩ ফেব্রুয়ারী গোপনে ভুয়া নির্বাচন দেখিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে আওয়ামীলীগের বাইরে বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদকে মনোনয়ন দেয়া হয়।
মনোনয়ন বঞ্চিতরা অভিযোগ করে বলেন, সাইফুল ইসলাম সাঈদ কোনো দিনই আওয়ামীলীগের কোনো কর্মী ছিল না। এমনকি তার পরিবারের কেউ আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িত নয়। এছাড়াও তার বিরুদ্ধে এলজিএসপি-২ প্রকল্পের ১৪ লাখ ৮ হাজার ৭শ ৫৬ টাকা আত্মসাতের অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছিল। জেলা প্রশাসক আত্মসাতকৃত টাকা ফেরত দেয়ার আদেশ দিলেও তা এখনও ফেরত দেয়নি।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এমন একজন ব্যক্তিকে কেন্দ্র থেকে মনোনয়ন দেয়া হলে নির্বাচন কমিশনের চুড়ান্ত বাছাইয়ে তার মনোনয়ন বাতিল হওয়ার সম্ভাবনা শতভাগ। তার বিভিন্ন অপকর্মে আওয়ামীলীগের ভাবমুর্তি নষ্টের পাশাপাশি দুর্গাপুর ইউনিয়নে নৌকার ভরাডুবি অবশ্যম্ভাবী। তাই প্রকৃত আওয়ামীলীগের কর্মীদের মাঝ থেকে মনোনয়ন দেয়ার দাবী জানান তারা।

