রাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু
আসাদুজ্জামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা-২০১৬। শনিবার সকালে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন, শরীর চর্চা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক চৌধুরী মনিরুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।
১১ দিনব্যাপী এই প্রতিযোগিতায় স্বাগতিক রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি কাজী নজারুল ইসলাম বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে।
প্রতিযোগিতার প্রথম দিনে জাতীয় কবি কাজী নজারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মোকাবিলা করে ইসলামী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় মোকাবিলা করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ৮০ রানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে এবং ইসলামি বিশ্ববিদ্যালয় ৮ উইকেটে জাতীয় কবি কাজী নজারুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে পরাজিত করেছে।

