‘শিক্ষাপ্রতিষ্ঠান নয় সংসদে পরীমনি নিয়ে আলোচনা হয়, এই লজ্জা কোথায় রাখি’

jaf

নিউজ ডেস্কঃ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সংসদে পরীমনি নিয়ে আলোচনা হয় কিন্তু শিক্ষা নিয়ে একটা কথাও হয় না। এই লজ্জা আমরা কোথায় রাখি? এই ভুলের সংশোধন কীভাবে হবে? এই ভুলের সংশোধন তারা (সরকার) করবে না।

শনিবার (১৯ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে শিক্ষক-কর্মচারী-অভিভাবক ফোরাম আয়োজিত মানববন্ধনে তিনি এ আক্ষেপ প্রকাশ করেন।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে রেখে সরকার জাতিকে মেরুদণ্ডহীন করে দিচ্ছে উল্লেখ করে জাফরুল্লাহ বলেন, এই সরকারের সবচেয়ে বড় ভুল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা। বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেবে কিন্তু হল খুলবেন না। এর থেকে বড় ভুল হতে পারে? ছাত্ররা কি মাঠে থাকবে? মাটিতে বসে থাকবে?

তিনি বলেন, বর্তমান সরকার বিনা ভোটের সরকার, ভোট ডাকাতির সরকার। এই সরকারের সব সিদ্ধান্ত ভুল হবে, এটাই স্বাভাবিক। আজ সবকিছু খোলা। বাজার খোলা, ব্যাংক খোলা, অফিস খোলা। শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ।

তিনি আরও বলেন, আগে গ্রামের ছেলেমেয়েরা শিক্ষা পেত। আমাদের আমলে ঢাকা মেডিকেল কলেজে মাত্র ৮ জন ঢাকা শহরের ছিলাম। বাকি সবাই গ্রাম থেকে এসেছিল। তারা আমাদের থেকে পরীক্ষায় ভালো করতেন। আজ সেই সুযোগ নেই।

এ সময় নাগরিকের ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘প্রধানমন্ত্রী জানেন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলে ক্যাম্পাস প্রগতিশীলদের দখলে যাবে। তারা বলবে- ভোট চাই, শিক্ষা চাই, ওষুধ চাই, টিকা চাই। কিন্তু সরকার কিছুই দিতে পারবে না।’

  •  
  •  
  •  
  •  

Tags: ,