বাকৃবিতে চলছে শিক্ষক সমিতির নির্বাচন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতির বার্ষিক নির্বাচন আজ মঙ্গলবার (৮ মার্চ) অনুষ্ঠিত হচ্ছে। আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’ এবং বিএনপিপন্থী শিক্ষক সংগঠন ‘সোনালি দল’ আলাদা প্যানেলে এই নির্বাচনে অংশ নিচ্ছে।

নিবার্চন উপলক্ষ্যে শিক্ষকদের অফিস ও বাসায় প্রচারণা চালাচ্ছে প্যানেলের প্রার্থীরা। একক বা যৌথভাবে দেখা করছেন শিক্ষকদের সাথে। সবমিলিয়ে নির্বাচনী আমেজ বিরাজ করছে সারা ক্যাম্পাসে।

নির্বাচন উপলক্ষ্যে আলাদা আলাদা প্যানেলে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’ ও ‘সোনালি দল’।

‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’র ইশতেহারের অঙ্গিকার নামায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও শিক্ষকদের মান মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ, পিএইচডি ভাতা দ্রুত প্রবর্তনের ব্যবস্থা, আধুনিক সুবিধা সম্বলিত শিক্ষক ডরমিটরি ও আবাসিক টাওয়ার নির্মাণ করার ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ঢাকায় অবস্থানের জন্য গেস্ট হাউজ ক্রয়, নবীন শিক্ষকদের বাউরেস কর্তৃক গবেষণা প্রকল্প প্রকল্প প্রাপ্তিতে কোটা প্রবর্তন, শিক্ষকদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত মিনিবাস প্রদান, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার, বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনকে পূর্ণাঙ্গভাবে চালু করার উদ্যোগসহ নানা প্রতিশ্রুতি দেওয়া হয়।

অন্যদিকে ‘সোনালি দল’র ইশতেহারের অঙ্গিকার নামায়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সমুন্নত রাখা, অষ্টম জাতীয় বেতল স্কেলে শিক্ষকদের পদমর্যাদা পূনরুদ্ধারে সর্বাত্মক আন্দোলন গড়ে তোল, শিক্ষকদের জন্য আধুনিক সুবিধা সম্বলিত স্বতন্ত্র ক্লাব প্রতিষ্ঠা করা, নবীন শিক্ষকদের আবাসিক সমস্যার সমাধান করা, বিশ্ববিদ্যালয় কর্তৃক উচ্চশিক্ষায় সহযোগিতার জন্য নবীন শিক্ষকদের নিজস্ব চেম্বারে ব্যক্তিগত কম্পিউটার প্রদানে ব্যবস্থা করা, এককালীন পেনশন প্রদানের ব্যবস্থা করা, শিক্ষক সমিতির কমিটিতে মহিলা বিষয়ক সম্পাদিকার পদ সৃষ্টি করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ঢাকায় অবস্থানের জন্য স্থায়ী গেস্ট হাউজ নির্মানের ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করাসহ নানা প্রতিশ্রুতি দেওয়া হয়।

জানা যায়, ১১ সদস্যের কার্যকরী কমিটির নির্বাচনের জন্য ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’ প্যানেল থেকে সভাপতি পদের প্রার্থী হয়েছেন ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. ছোলায়মান আলী ফকির এবং সাধারণ সম্পাদক পদে লড়বেন কৃষি অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মো. সাইদুর রহমান।

এ ছাড়া এই প্যানেলের অন্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি পদে সার্জারি ও অবস্ট্রেট্রিক্স বিভাগের প্রফেসর ড. ফরিদা ইয়াসমীন বারি, কোষাধ্যক্ষ পদে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এ কে এম মমিনুল ইসলাম এবং সদস্য পদে প্রফেসর ড. মো. হাসানুজ্জামান তালুকদার, প্রফেসর ড. সুবাস চন্দ্র দাস, প্রফেসর ড. মো. মনিরুজ্জামান, প্রফেসর ড. মো. রমিজ উদ্দিন, ড. মো. হামিদুল ইসলাম ও ড. তানভীর রহমান।

অন্যদিকে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘সোনালি দল’ প্যানেল থেকে সভাপতি পদের প্রার্থী হয়েছেন ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মো. ইদ্রিস মিয়া এবং সাধারণ সম্পাদক পদে লড়বেন পশুবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. আবুল হাশেম।

এই প্যানেলের অন্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি পদে প্রফেসর ড. মাসুম আহমাদ, কোষাধ্যক্ষ পদে প্রফেসর ড. মো. আরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে ড. মো. শহিদুল ইসলাম, এবং সদস্য পদে প্রফেসর ড. মো. রুহুল আমিন, প্রফেসর ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, প্রফেসর ড. মো. আবদুল আলীম, প্রফেসর ড. মো. সাইদুল হক, প্রফেসর ড. দীন ইসলাম ও প্রফেসর ড. সোনিয়া সেহেলী।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন শিক্ষক সমিতির বর্তমান সভাপতি প্রফেসর ড. খন্দকার শরীফুল ইসলাম। নির্বাচনের ব্যাপারে ড. শরীফুল বলেন, এ নির্বাচনে ৫৫২ জন শিক্ষক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আজ (৮ মার্চ) বাকৃবি ক্লাবে শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

 

ছবি: Luminous Shots

  •  
  •  
  •  
  •  

Tags: