“আমরা এত নির্লজ্জ নই”, টিকা না দেওয়ায় ইলিশ না পাঠানো প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্কঃ আনন্দবাজার পত্রিকায় দিল্লি টিকা দিচ্ছে না বলে বাংলাদেশ ইলিশ পাঠাচ্ছে না এমন খবরের প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমরা এত নিচু মানসিকতার নই। ’
আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা ভারতীয় ওই গণমাধ্যমের খবর প্রসঙ্গে জানতে চাইলে তিনি এ কথা বলেন। তিনি এ প্রসঙ্গে এর বেশি কিছু বলেননি।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি টিকা দিচ্ছে না বলে বাংলাদেশ ইলিশ পাঠাচ্ছে না।
প্রসঙ্গত বাংলাদেশের প্রায় ১৬ লাখ মানুষ ভারতীয় করোনা প্রতিষেধকের প্রথম ডোজ নিয়ে বসে রয়েছেন। সময় পেরিয়ে গেলেও এখনো আসেনি দ্বিতীয় ডোজ। ভারত আর টিকা পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে।

