পরীমনিকে ধর্ষণ-হত্যাচেষ্টা মামলায় নাসির-অমির জামিন
নিউজ ডেস্কঃ পরীমনির করা ধর্ষণ-হত্যাচেষ্টার মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ এবং তার বন্ধু তুহিন সিদ্দিকী অমির জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৯ জুন) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমীদা তাদের জামিন আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। তবে তাদের বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্ত হতে পারছেন না তারা।
গত ২৩ জুন ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আসামিদের ৫ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। সেই রিমান্ড শেষে মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) কামাল হোসেন আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন।
অপরদিকে, আসামিপক্ষে ইমরুল কাউসারসহ কয়েকজন আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা বন্ডে পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন। আগামী ৮ জুলাই এ মামলায় প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য রয়েছে।
গত ১৪ জুন ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে আরও চারজনকে অজ্ঞাত আসামি করে পরীমনি সাভার থানায় মামলা করেন।
এরপর বিষয়টি নিয়ে তৎপর হয় পুলিশ। পরীমনির মামলার পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমিসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। এরপর রাজধানীর বিমানবন্দর থানায় করা মাদক মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

