এবার ত্রাণের চালে মিললো পোকা !

নিউজ ডেস্ক:

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় গরিবদের মাঝে দুর্গন্ধ ও পোকা ভরা চাল বিতরণ করা হচ্ছে। বুধবার (৭ জুলাই) দুপুরে রায়পুর পৌরসভা কার্যালয়ে দুর্গন্ধযুক্ত চালসহ খাদ্যসামগ্রী অসহায় শতাধিক পরিচ্ছন্নকর্মীর মাঝে বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে করোনাকালে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়।

পৌরসভা কার্যালয় সূত্র জানায়, করোনার কারণে জেলা প্রশাসক (ডিসি) রায়পুর পৌরসভায় সাড়ে ৪ মেট্টিক টন চাল বরাদ্দ দেন। এ ছাড়া দুই লাখ টাকা বরাদ্ধ দেয় সরকার। এসব বরাদ্দ ৬০০ অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে। এরমধ্য ১০ কেজি চাল এক কেজি করে ডাল, তেল, চিনি, মুড়ি রয়েছে।

নতুন বাজার এলাকার পরিচ্ছন্নকর্মী বিউটি আক্তার ও নাজমা বেগম জানান, বিতরণ করা চাল দুর্গন্ধ আর পোকায় ভরা। তারা হাঁস-মুরগিকেও আরো ভালো চাল খাবাব হিসেবে দেন। লকডাউন আর বৃষ্টির মধ্যে পঁচা চাল নিতে এসে তাদের কষ্ট হয়েছে।

চাল বিতরণ অনুষ্ঠানে রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার ও সদর থানা আওয়ামী লীগের আহ্বায়ক হুমায়ুন কবির পাটওয়ারী প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) মো. মহসিন বলেন, পৌরসভায় সরবরাহ করা চালগুলো এক বছর আগের। এজন্য পোকা-দুর্গন্ধ হতে পারে। মেয়র বিষয়টি আমাকে জানিয়েছেন।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন ইউপি চেয়ারম্যান জানিয়েছেন, ওসিএলএসডি মহসিন বিভিন্ন প্রকল্পের চাল কম দামে তাদের কাছ থেকে কিনে রাখেন। পরে সরকারিভাবে চাল সংগ্রহ শুরু হলে তিনি বেশি দামে ওই চালগুলো ক্রয় দেখান। তিনি নিজের পকেট ভারি করতে কৌশল নেন।

চালের বিষয়ে রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট বলেন, বরাদ্দের অর্ধেক প্যাকেট করার পর আমি জেনেছি, চালে দুর্গন্ধ। বিষয়টি আমি ওসিএলএসডিকে জানিয়েছি।

  •  
  •  
  •  
  •