করোনা: গ্রামে বেড়েছে মৃতের সংখ্যা, হচ্ছেনা পর্যাপ্ত টেস্ট
নিউজ ডেস্কঃ স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেছেন, করোনা উপসর্গ নিয়ে গ্রামে বেড়েছে মৃতের সংখ্যা। তাদের একটি বড় অংশ এখনও পরীক্ষা-নিরীক্ষা করছেনা। সচেতনতার অভাবেই গ্রামের মানুষ করোনা পরীক্ষা করাচ্ছে না।
তিনি বলেন, গ্রামের মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। পরিস্থিতি জটিল হওয়ার পর তারা চিকিৎসকের কাছে আসছে। তাদের অনেকেরই অক্সিজেন স্যাচুরেশন ৫০ শতাংশের নিচে থাকছে। মস্তিস্কে অক্সিজেন স্যাচুরেশন বেশি সময় ধরে যদি কম থাকে তাহলে ‘ব্রেন ডেথ’ হয়ে যায়। এমন সময় যারা চিকিৎসা নিতে আসছে তাদের সামাল দেওয়া কঠিন হচ্ছে।
খুরশীদ আলম বলেন, গ্রামের লোকেদের বিশ্বাস, তাদের করোনা হয় না। তারা সর্দি কাশিকে এক রকম উপেক্ষা করেন। কিন্তু তারা এমন সময় চিকিৎসা নিতে আসছে যখন তাদের সামাল দেওয়া কঠিন হচ্ছে। তাদের বাঁচানোও কঠিন হচ্ছে।
এদিকে বুধবার ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০১ জনের মৃত্যু হয়েছে, যা দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৫৯৩ জনের।
এর আগে, সোমবার (৫ জুলাই) মারা যান ১৬৪ জন, যা দেশে একদিনে করোনায় ২য় সর্বোচ্চ মৃত্যু। গতকাল মঙ্গলবার মারা যান ৩য় সর্বোচ্চ ১৬৩ জন। এছাড়া, কয়েকদিন ধরে করোনায় মৃত্যুর নতুন নতুন রেকর্ড হচ্ছে। গত ১ জুলাই ১৪৩, ২ জুলাই ১৩২, ৩ জুলাই ১৩৪ এবং ৪ জুলাই ১৫৩ জনের মৃত্যু হয়।
মারা যাওয়া ২০১ জনের মধ্যে ৬৬ জনই খুলনার। এছাড়া ঢাকায় ৫৮, চট্টগ্রামে ২১, রাজশাহীতে ১৮, বরিশালে ৭, সিলেটে ৯, রংপুরে ১৪ এবং ময়মনসিংহে ৮ জন মারা গেছেন।

