মেসিকে আটকানোর উপায় জানে ব্রাজিল: ব্রাজিলের ডিফেন্ডার
স্পোর্টস ডেস্কঃ আগামী শনিবার রিও’র ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে কোপার ফাইনালে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। আর্জেন্টিনাকে হারাতে হলে অবশ্যই প্রথমে মেসিকে আটকানোর পরিকল্পনা আঁটতে হবে।
কেবল তাকে আটকালেই হবে না। দলটির আক্রমণভাগে সের্হিও আগুয়েরো, লাউতারো মার্তিনেসের মতো পরীক্ষিতরা আছেন। তবে প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক না কেন, তাদের রুখে দিতে দৃঢ় প্রতিজ্ঞ ব্রাজিল, বললেন ব্রাজিলের ডিফেন্ডার মার্কিনিয়োস।
আর্জেন্টিনার হয়ে একটি শিরোপা জেতার হাহাকার ক্যারিয়ার জুড়েই সঙ্গী মেসির। ব্রাজিলেও অনেক ভক্ত পেয়েছেন মেসি। দেশটির সাবেক-বর্তমান ফুটবলারদের অনেকেও চান, অন্তত একটি শিরোপা উঠুক তার হাতে। তবে সেটা অবশ্যই ব্রাজিলের বিপক্ষে নয়।
মার্কিনিয়োসের কণ্ঠেও উচ্চারিত হলো তাই। সংবাদ সম্মেলনে বললেন, আর্জেন্টিনা অধিনায়ককে আরও একবার হতাশ করতে চান তারা।
“এটা স্বাভাবিক যে, মানুষ চায় মেসি শিরোপাটি জিতুক। তার ইতিহাস ও সে যা কিছু অর্জন করেছে এর পূর্ণতার জন্য। তবে আমরা তাকে তার লক্ষ্য অর্জনে বাধা দেওয়ার চেষ্টা করব।”
মার্কিনিয়োস আর বলেন, “একজন খেলোয়াড়ের পক্ষে মেসিকে থামানো কঠিন। আমাদের পুরো রক্ষণভাগ প্রয়োজন এবং আমাদের কোচ জানে কীভাবে তা করতে হবে। আমরা কেবল মেসির দিকেই মনোযোগ দিতে পারি না, কারণ তখন বাকিরা ব্যবধান গড়ে দিতে পারে।”
উল্লেখ্য ফুটবল ইতিহাসের পুরনো দ্বৈরথগুলোর একটি ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলে দুই দল মুখোমুখি হয়েছে ১১১ বার। যেখানে ৪৬ ম্যাচ জিতে এগিয়ে ব্রাজিল। আর্জেন্টিনার জয় ৪০টি, বাকি ২৫ ম্যাচ হয়েছে ড্র।

