জরুরি বৈঠকে সরকারের শীর্ষ কর্মকর্তারা

নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ আরোপ করা হলেও সংক্রমণ-মৃত্যু কোনোটিই কমছে না। এই পরিস্থিতিতে করণীয় ঠিক করতে গুরুত্বপূর্ণ এক সভায় বসেছে সরকার।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুর দেড়টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা শুরু হয়।

গতকাল এই বৈঠকের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, ‘মঙ্গলবার দুপুর দেড়টায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে বড় মিটিং অনুষ্ঠিত হবে।’

করোনাভাইরাসের ডেল্টা সংক্রমণে গত কয়েক মাস ধরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়লেও এক দিনে এত আক্রান্ত ও মৃত্যু বাংলাদেশ আগে দেখেনি।

পরিস্থিতি সামাল দিতে গত ১ জুলাই দেশে লকডাউন জারি করা হলেও বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে কোরবানির ঈদের সময় তা শিথিল করা হয়েছিল।

ঈদের ছুটির পরেই সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড হলো। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, অগাস্ট মাসে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা দিতে পারে।

চলমান কঠোর বিধিনিষেধ আগামী ৫ অগাস্ট পর্যন্ত ঘোষণা করা রয়েছে। সংক্রমণ কমাতে বিশেষজ্ঞরা লকডাউনের পক্ষে বললেও তা আবার মানুষকে জীবিকাকে সঙ্কটে ফেলছে, সেটাও সরকারকে ভাবতে হচ্ছে।

এই দোটানার মধ্যে লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হবে কি-না সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব গতকাল বলেন, ‘তা মঙ্গলবারের সভায়ই ঠিক হবে।’

  •  
  •  
  •  
  •  

Tags: , , ,