সাদুল্যাপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

গাইবান্ধা প্রতিনিধি:

নেশার টাকার জন্য মা-বাবা ও ছোট বোনকে মারধরে অতিষ্ঠ হয়ে মো. ইমন উদ্দিন (২৪) নামে এক মাদকাসক্ত ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করেছেন মা। সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের কিশামত দশলিয়া গ্রাম থেকে সোমবারৃ দুপুরে তাকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে তিন পুড়িয়া গাঁজা পাওয়া যায়।

পরে ইমন উদ্দিনকে ভ্রাম্যমান আদালতের হাজির করা হলে বিচারক তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুল্লা আল মামুন তালুকদার সোমবার বিকেলে এ দন্ড দেন।

দন্ডপ্রাপ্ত ইমন সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের কিশামত দশলিয়া গ্রামের খাইরুল মিয়ার ছেলে। ইমন উদ্দিন ঢাকা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ ইমরুল কায়েস জানান, নেশার টাকার জন্য ইমন তার মা-বাবাসহ ছোট বোনদের মারপিট করতে। পরে বাধ্য হয়ে তার মা মোছা. মরিয়ম বেগম গত ১০ মার্চ সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ করেন। এরপর রবিবার রাতেও ইমন নেশার টাকার জন্য তার মাকে মারধর করার চেষ্টা করে।

অভিযোগের প্রেক্ষিতে ইমনকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।

ইমনের মা মোছা. মরিয়ম বেগম বলেন, ‘দীর্ঘদিন ধরে ইমন মাদকাসক্ত। তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা করেছি। কিন্তু সে কোনো কথাই শোনে না। উল্টো মারধর করে। এ কারণে বাধ্য হয়ে তাকে পুলিশের হাতে সোপর্দ করেছি’।

  •  
  •  
  •  
  •