পরীমণি কাণ্ডে ছাড় পাবে না প্রভাবশালীরাও: সিআইডি
নিউজ ডেস্কঃ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেছেন, চিত্রনায়িকা পরীমণিসহ ফারিয়া মাহবুব পিয়াসা এবং প্রযোজক নজরুল ইসলাম রাজ আমাদের হেফাজতে রয়েছে। পরীমণিসহ অন্যদের মামলার তদন্তভার আমাদের কাছে এসেছে। মামলাগুলোর তদন্ত কাজ শেষ করতে আমাদের সময় লাগবে।
তিনি বলেন, মামলগুলোর তদন্তের কাজ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এবং যারা এর সঙ্গে সংশ্লিষ্ট তারা যতই প্রভাবশালী হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।
শনিবার দুপুরে সিআইডি কার্যালয়ে অনির্ধারিত ব্রিফিংয়ে সিআইডির অতিরিক্ত ডিআইজি সাংবাদিকদের এই কথা বলেন।
পরীমণিকে কোটি টাকার দামে গাড়ি কিনে দেওয়া এক ব্যাংক এমডির বিষয়েও তদন্ত করা হবেও বলে জানান সিআইডি কর্মকর্তা। ‘প্রয়োজনে’ তাকে ডাকা হবে বলে জানান তিনি।
চলতি বছর জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে পরীমণি ফেসবুক স্ট্যাটাসে অভিযোগ আনেন, ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নাসির উদ্দিন মাহমুদ তাকে ‘ধর্ষণ ও হত্যার চেষ্টা করেন’।
পরে সাভার মডেল থানায় নাসির উদ্দিনসহ ছয় জনের বিরুদ্ধে তিনি ‘ধর্ষণ ও হত্যাচেষ্টার’ অভিযোগে মামলা দায়ের করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয় নাসির উদ্দিনসহ বাকি আসামিদের। পরে নাসির উদ্দিনরা জামিনে বের হয়ে আসেন।
উল্লেখ্য, গত বুধবার (৪ আগস্ট) রাতে বনানীর বাসায় পৃথক অভিযান চালিয়ে পরীমণি ও প্রযোজক রাজকে আটক করে র্যাব। অভিযানকালে তাদের বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

