আধাঘণ্টা দরজা না খুলে কি করেছিলেন পরীমণি?
বিনোদন ডেস্কঃ মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (১৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল শুনানি শেষে বিকেল ৩টা ১৫ মিনিটে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় পরীমণির জামিন আবেদনের শুনানিতে আবেদনের বিরোধিতা করে পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু বলেন, পরীমণি আধাঘণ্টা পর্যন্ত দরজা না খুলে বোতল থেকে মদ ফেলে দিয়ে বোতল খালি করেন। বাসার যে খালি বোতল আছে সেগুলোতে মদ ছিল।
তিনি বলেন, নায়িকা তো আরও আছে, তাদের বাসায় তো মদ পাওয়া যায়নি। তাদের তো পুলিশ ধরেনি। তাকে কেন গ্রেফতার করা হয়েছে? তার বাসায় মদ ছিল, সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে যখন গ্রেফতার করতে যায় তখন তিনি আধা ঘণ্টা পর্যন্ত দরজা খোলেননি। এ সময় তার বাসায় থাকা মদের বোতল থেকে মদ ফেলে দিয়ে বোতল খালি করেন। বাসার যে খালি বোতল আছে সেগুলোতে মদ ছিল।
তিনি আরও বলেন, পরীমণিকে শিল্পী সমিতি থেকে সাসপেন্ড করা হয়েছে। আমি এত গভীরে যেতে চাই না। চিত্রনায়িকা ও সাধারণ মানুষ আইনের চোখে সকলেই সমান। তার বাসায় মদ পাওয়া গেছে। আমরা চাই তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হোক।
উল্লেখ্য গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র্যাব। পরীমণির বাসা থেকে বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। আটকের পর তাদের নেওয়া হয় র্যাবের সদরদফতরে। সেখানেই রাত কাটাতে হয়। ৫ আগস্ট র্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। সেদিনই তাদের আদালতে নেওয়া হয়।

