সাদুল্যাপুর উপজেলা জামায়াতের আমির গ্রেফতার
মো. জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি:
জেলার সাদুল্যাপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আবদুর রউফ ওরফে লেবুকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।
সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের পাতিল্যকুড়া গ্রাম থেকে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
আবদুর রউফ লেবু সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের পাতিল্যকুড়ার গ্রামের আবদুর রহিমের ছেলে। তিনি সাদুল্যাপুর বালিকা দাখিল মাদ্রাসার সুপার।
সাদুল্যাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রনি কুমার দাস জানান, আবদুর রউফের বিরুদ্ধে সাদুল্যাপুর থানায় ৬-৭টি নাশকতা ও সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে। সম্প্রতি আদালত তার বিরুদ্ধে ৫টি মামলায় গ্রেফতারী পরোয়ারা জারি করেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞসাবাদ শেষে আবদুর রউকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

