তালেবানের দখলে আফগানিস্তানের প্রেসিডেন্ট প্যালেস, যেকোনো সময় নতুন সরকার

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের প্রেসিডেন্ট প্যালেসের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান যোদ্ধারা। তবে প্যালেসের পরিস্থিতি এখন কি অবস্থায় আছে তা অস্পষ্ট। তালেবানরা পরে বার্তা সংস্থা রয়টার্সকে জানায় যে তারা প্যালেস দখল করেছে।

এর আগে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছিলেন, রোববার প্রেসিডেন্ট আশরাফ গনি আফগানিস্তান ছেড়ে প্রতিবেশী দেশ তাজিকিস্তানের উদ্দেশে রওয়ানা দিয়েছেন।

জানা গেছে, আশরাফ গনির দেশত্যাগের পর রাষ্ট্রপতির ভবন দখলে নিয়েছে তালেবানরা। খুব শিগগিরই দেশটিতে গঠিত হতে যাচ্ছে নতুন সরকার। নতুন সরকারের নাম হবে ইসলামিক এমিরেট অব আফগানিস্তান। এজন্য কাবুলে কারফিউ জারি করা হয়েছে। স্থানীয় সড়কগুলোতে তালিবানি টহলদারি আরও জোরদার করা হয়েছে।

রাজধানী কাবুলে ঢুকে পড়ার পর বিদ্রোহীগোষ্ঠী তালেবান আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার নয়, বরং সম্পূর্ণ ক্ষমতা হস্তান্তরের দাবি তুলেছে। তালেবানের কর্মকর্তারা বলেছেন, তারা আফগানিস্তানে ক্ষমতার সম্পূর্ণ হস্তান্তর চায়।

আশরাফ গনির পাশাপাশি আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহও দেশ ছেড়ে পালিয়েছেন বলে খবর দিয়েছে বিবিসি। তবে আফগান এই ভাইস প্রেসিডেন্ট কোন দেশের উদ্দেশে কাবুল ছেড়েছেন সেবিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনও তথ্য জানা যায়নি।

  •  
  •  
  •  
  •  

Tags: ,