৬১ বছরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সীমিত পরিসরে হবে উদযাপন
রোহান ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ
দেশের কৃষিশিক্ষা ও গবেষণার আঁতুড়ঘর খ্যাত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৬১ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (১৮ আগস্ট)। মানসম্পন্ন উচ্চতর কৃষিশিক্ষা ব্যবস্থার নিশ্চয়তা বিধানের মাধ্যমে দেশে কৃষি উন্নয়নের গুরুদায়িত্ব বহনে সক্ষম তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানসম্পন্ন দক্ষ কৃষিবিদ তৈরির উদ্দেশে ১৯৬১ সালের এই দিনে প্রতিষ্ঠিত হয় এ বিশ্ববিদ্যালয়।
করোনা মহামারির কারণে সীমিত পরিসরে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস বাস্তবায়ন কমিটি। মঙ্গলবার (১৭ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (১৮ আগস্ট) সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস, আবাসিক হল ও আবাসিক ভবনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হবে। এরপর সকাল ১০ ঘটিকায় ভাইস চ্যান্সেলরের বাসভবন সংলগ্ন ব্রহ্মপুত্র নদে মাৎস্যবিজ্ঞান অনুষদের ব্যবস্থাপনায় মাছের পোনা অবমুক্ত করা হবে।
সকাল ১০.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের হ্যালীপ্যাডে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করা হবে। বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের সকল উপসনালয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত ও প্রার্থনা করা হবে। এরপর সূর্যাস্তের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস, আবাসিক হল ও আবাসিক ভবনে জাতীয় পতাকা অবনমনের মাধ্যমে সীমিত পরিসরে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে।
বিজ্ঞপ্তিতে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরিধান করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা, কর্মচারীসহ সকলকে প্রতিটি অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

