আবারো একদিনের রিমান্ডে পরীমনি, চলছে তথ্য ভেরিফিকেশন
নিউজ ডেস্কঃ তৃতীয় দফায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
পরীমণিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এই সিন্ডিকেটে আরও কে আছেন তাদের খুঁজে বের করা সম্ভব হবে। এছাড়াও পরীমণি রিমান্ডে থাকার সময় যে তথ্য দিয়েছেন সেগুলোর যাচাই-বাছাই চলছে। তাকে নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করলে আরও বেশকিছু তথ্য পাওয়া যাবে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালতে রিমান্ড শুনানিকালে মামলার তদন্ত কর্মকর্তা কাজী গোলাম মোস্তফা এসব কথা বলেন।
এদিন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর আব্দুল্লাহ আবু শুনানিতে বলেন, যেহেতু এই মামলায় মাদকের পরিমাণ বেশি। আবার নতুন মাদক এল এস ডি ও আইস পাওয়া গিয়েছে। তাই পূর্বে রিমান্ডে থাকাকালে যে তথ্য উপাত্ত দিয়েছেন সেগুলো উদঘাটনের জন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
শুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবদুল্লাহ আবু বলেন, মহিলা আসামিদের ক্ষেত্রে বিশেষ বিবেচনা করা হয়। পরীমণি মামলায় মাদকের পরিমাণ বেশি। তাই এক্ষেত্রে জামিনের বিষয়টি প্রাধান্য পেয়েছে।

