সারাদেশে আবারও করোনায় মৃত্যু দেড় শতাধিক

করোনা ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় করোনা মহামারীতে সারাদেশে আরও ১৫৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৭৬ ও নারী ৮৩ জন।

মৃতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১৫৫ জন এবং বাসায় মারা গেছেন চারজন। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪ হাজার ৮৭৮ জনে।

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ছয় হাজার ৫৬৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৪৭ হাজার ২১০ জনে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ৭২১টি ল্যাবরেটরিতে ৩৭ হাজার ৪২৯টি নমুনা সংগ্রহ করা হয়। তবে নমুনা পরীক্ষা করা ৩৭ হাজার ২২৬টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৮৫ লাখ ৫৯ হাজার ৫৪টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৪ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক শূন্য ৯১ শতাংশ।

একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ১০ হাজার ১৫৩ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৩ লাখ ৩৭ হাজার ১৮১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৫৯ জনের মধ্যে ১০ বছরের কম বয়সী একজন, দশোর্ধ্ব দুইজন, বিশোর্ধ্ব তিনজন, ত্রিশোর্ধ্ব ১২ জন, চল্লিশোর্ধ্ব ২০ জন, পঞ্চাশোর্ধ্ব ৩৫ জন, ষাটোর্ধ্ব ৮৬ জন মারা যান।

  •  
  •  
  •  
  •  

Tags: ,