বাবুনগরীর জানাজায় মানুষের ঢল, দাফনের আগেই ভারপ্রাপ্ত আমির ঘোষণা

নিউজ ডেস্কঃ হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির হাফেজ মাওলানা জুনায়েদ বাবুনগরীর দাফন সম্পন্ন হয়েছে। হাটহাজারী মাদরাসায় বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে তার মরদেহ দাফন করা হয়।

এরআগে বাবুনগরীর জানাজায় অংশ নিতে হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় ভিড় করেছিলেন হেফাজত নেতাকর্মীসহ অসংখ্য মানুষ। মাদরাসা প্রাঙ্গণে বাবুনগরীর জানাজা অনুষ্ঠিত হয়।

এদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত আমিরের নাম ঘোষণা করেছে সংগঠনটি। সংগঠনের অন্যতম জ্যেষ্ঠ নেতা এবং প্রধান উপদেষ্টা মুহিবুল্লাহ বাবুনগরীকে সংগঠনের ভারপ্রাপ্ত আমির ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন মুহিবুল্লাহ বাবুনগরী নিজেই।

বৃহস্পতিবার ইন্তেকাল করা আমির হাফেজ মাওলানা জুনায়েদ বাবুনগরীকে দাফন করার আগেই ভারপ্রাপ্ত আমিরের নাম ঘোষণা করা হয়।

এ বিষয়ে হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরিস বলেন, ভারপ্রাপ্ত আমির হিসেবে মুহিবুল্লাহ বাবুনগরীর নাম ঘোষণা করেছেন হেফাজতের মহাসচিব। হাটহাজারীতে হেফাজতের যেসব নেতৃবৃন্দ এসেছেন তাদের সঙ্গে কথা বলে ও যারা আসেননি তাদের সঙ্গে মোবাইলে কথা বলে হেফাজতের প্রধান উপদেষ্টা মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরীকে ভারপ্রাপ্ত আমির ঘোষণা করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  

Tags: